রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে কখন ঘুমাতে যাবেন?
রাতে বিছানায় শুয়ে মুঠোফোনে রিল দেখতে দেখতে কখন যে এক-দুই ঘণ্টা পেরিয়ে যায়, টেরই পাওয়া যায় না। অথচ সকালে আবার উঠতে হবে তাড়াতাড়ি। কিন্তু প্রতিদিনই দেরি করে ঘুমাতে যাওয়ার এই অভ্যাস যে রক্তচাপের ওপরও প্রভাব ফেলতে পারে, তা কি জানেন? উচ্চ রক্তচাপকে বলা হয় নীরব ঘাতক। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই উচ্চ রক্তচাপ শরীরের ক্ষতি করতে থাকে। হৃদ্রোগ ও স্ট্রোকের অন্যতম ঝুঁকির কারণ এই উচ্চ রক্তচাপ। চলুন, জেনে নিই রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে কখন ঘুমাতে যাওয়া ভালো?
রক্তচাপের সঙ্গে ঘুমের সম্পর্ক কী?
আমাদের শরীর চলে একটি নিজস্ব ঘড়ির নিয়মে। চিকিৎসকেরা একে বলেন সার্কেডিয়ান রিদম বা দেহঘড়ি। প্রায় ২৪ ঘণ্টার এই ছন্দ অনুযায়ী শরীরের তাপমাত্রা, ক্ষুধা, হজম, হরমোন নিঃসরণ ও ঘুম নিয়ন্ত্রিত হয়। রক্তচাপও এই দেহঘড়ির ব্যতিক্রম নয়।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নিউ ইংল্যান্ডের পুষ্টিবিদ ব্র্যানন ব্লাউন্টের মতে, ঘুম থেকে ওঠার পর সাধারণত রক্তচাপ বাড়তে শুরু করে। দিনের বিভিন্ন সময়ে তা ওঠানামা করে। আবার ঘুমের সময় রক্তচাপ কমে যায়।
অর্থাৎ শরীরের বিশ্রামের সময় হৃদ্যন্ত্রও কিছুটা স্বস্তি পায়। কিন্তু ঘুমানোর সময়টা বদলে গেলে শরীরের এই স্বাভাবিক ছন্দে ব্যাঘাত ঘটতে পারে। নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে পুষ্টিবিজ্ঞানে স্নাতক করা পুষ্টিবিদ মিশেল রাউথেনস্টেইন বলেন, অনিয়মিত সময়ে ঘুমানো রক্তচাপের স্বাভাবিক ওঠানামাকে প্রভাবিত করতে পারে। তাই প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাওয়া ও ঘুম থেকে ওঠার অভ্যাস গুরুত্বপূর্ণ।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- উচ্চ রক্তচাপ
- রাতের ঘুম