ভূরাজনীতি ও প্রতিযোগিতার নতুন চ্যালেঞ্জ
ইউরোপের বাজারে এতদিন বাংলাদেশের পোশাক শিল্পের অন্যতম বড় শক্তি ছিল শুল্কমুক্ত প্রবেশাধিকার। কিন্তু সেই প্রতিযোগিতার মাঠে এবার শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে আসছে ভারত। ভারতে–ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মুক্ত বাণিজ্য চুক্তি (ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এফটিএ) কার্যকর হলে ইউরোপের বাজারে ভারতীয় পণ্যের প্রবেশাধিকার আরো সহজ হবে। ফলে বাংলাদেশের দীর্ঘদিনের বাণিজ্যিক সুবিধা আর একক থাকবে না।
এটি কেবল একটি বাণিজ্য চুক্তির গল্প নয়; এটি বাংলাদেশের রফতানি, শিল্পায়ন ও লাখো শ্রমিকের ভবিষ্যৎ নিয়ে এক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রশ্ন। ভারত যখন ইউরোপের বাজারে নতুন সম্ভাবনার দরজা খুলছে, তখন বাংলাদেশ কি নিজের অবস্থান ধরে রাখতে প্রস্তুত? নাকি বৈশ্বিক বাণিজ্যের নতুন সমীকরণে পিছিয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে?
ভারত ও ইইউর এ মুক্ত বাণিজ্য চুক্তির পেছনে রয়েছে দীর্ঘদিনের আলোচনা, কূটনৈতিক যোগাযোগ, রাজনৈতিক এবং বাণিজ্যিক দরকষাকষি। ধারাবাহিক আলোচনার পর অবশেষে চুক্তির কাঠামো চূড়ান্ত হয়। এ বছর ২৭ জানুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৬তম ভারত-ইইউ শীর্ষ সম্মেলনে দুই পক্ষ আনুষ্ঠানিকভাবে চুক্তির আলোচনা সম্পন্ন করে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এক প্রতিবেদনে কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, দীর্ঘ আলোচনা ও দরকষাকষির পর চুক্তিটি স্বাক্ষরের সম্ভাব্য তারিখ হিসেবে ১৬ ডিসেম্বর ২০২৬ নির্ধারণ করা হয়েছে। দুই পক্ষের লক্ষ্য, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ও অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করে ২০২৭ সালের প্রথমার্ধে চুক্তিটি কার্যকর করা।