কার নিন্দা করো তুমি মাথা করো নত
পরপর ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা, একটির সঙ্গে অপরটি মিলিয়ে বিচার করলে স্পষ্ট বোঝা যায়, এগুলো মোটেই বিচ্ছিন্ন নয়। বিশেষ এক রাজনৈতিক মতাদর্শের ছাপ স্পষ্ট। চব্বিশের ৫ আগস্টের পর দেশে শিল্প-সংস্কৃতি যে প্রচণ্ড বৈরী পরিস্থিতির মুখে পড়েছিল, জাতীয় নির্বাচনের পর তা অনেকটা কেটে যাবে বলে আশা জেগেছিল মানুষের মনে। নতুন আবহে মানুষ মেতেও উঠেছিল পয়লা বৈশাখ উদ্যাপন থেকে শুরু করে একের পর এক নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনে। কনসার্ট, বাউলগান, নৌকাবাইচ থেকে শুরু করে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন শুরু হয় দেশের বিভিন্ন প্রান্তে।
সরকার বাধা না দিলেও ধর্মের দোহাই দিয়ে বিশেষ একটি মহল বাদ সাধে এসব আয়োজনে। ব্রাহ্মণবাড়িয়ায় তো খোদ পুলিশের অনুষ্ঠান পণ্ড করে দেওয়া হয় পুলিশ লাইনসের ভেতরেই। কোথাও কোথাও এ ধরনের বাধা উপেক্ষা করেই স্থানীয় জনগণ নৌকাবাইচসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। তবে সবশেষ সুনামগঞ্জের দিরাইয়ে বাউলসম্রাট শাহ আবদুল করিমের এলাকায় নারী শিল্পীদের অংশগ্রহণে বাউলগানের আয়োজনে বাধা দেওয়ার ঘটনা সারা দেশে সংস্কৃতিকর্মীসহ নানা স্তরের মানুষকে বিশেষভাবে নাড়া দেয়।
সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বাউল গানসহ নানা সাংস্কৃতিক আয়োজনে হামলা ও বাধা দেওয়ার প্রতিবাদে গত ২৬ অক্টোবর বিকেলে রাজধানীর ধানমন্ডিতে মীনা বাজারের সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয় ‘প্রতিবাদী শিল্পী জনতা’র ব্যানারে। তবে সেখানে পুলিশের বাধায় কর্মসূচি পণ্ড হয়ে যায় বলে অভিযোগ করেন সংস্কৃতিকর্মীরা। এর প্রতিবাদে তাৎক্ষণিকভাবে মিছিল করেন আয়োজকেরা। সেখানে ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে এক পুলিশ কর্মকর্তার বিরূপ মন্তব্যের জের ধরে কথা-কাটাকাটি হয় এবং এর পরিপ্রেক্ষিতে আটক করা হয় সাংস্কৃতিক সংগঠক ও সাবেক ছাত্র ইউনিয়নের নেতা দীপক শীলকে। কিছুক্ষণ পরে অবশ্য তাঁকে ছেড়ে দেয় পুলিশ।