অনলাইন কেনাকাটা: ক্রেতার সংখ্যা কমে সংকটে বিপণিবিতান
রাজধানীর জনপ্রিয় কয়েকটি বিপণিবিতান বা শপিং মলে একসময় দোকান খোলার আগেই কিছুসংখ্যক ক্রেতাকে এসে অপেক্ষা করতে দেখা যেত। সেদিন আর নেই। মূল্যস্ফীতির চাপ, ক্রেতাদের অভ্যাসের পরিবর্তনসহ বিভিন্ন কারণে পণিবিতানগুলোর ব্যবসায় ভাটা পড়েছে। সে তুলনায় ফুটপাতের অস্থায়ী দোকানে বিক্রি বেশ জমজমাট। ডিজিটাল জীবনে ক্রমেই বেশি করে অভ্যস্ত হয়ে ওঠা মানুষ অনলাইন পেজ থেকে একটা বড় অংশের কেনাকাটার কাজ সারছে। এই পরিস্থিতিতে বড় বড় বিপণিবিতানের ব্যবসায়ীরা উদ্বেগে রয়েছেন।
সম্প্রতি ক্রেতাসংকটে বন্ধই হয়ে গেছে রাজধানীর পুরোনো অভিজাত বিপণিবিতান শান্তিনগর এলাকার কর্ণফুলী গার্ডেন সিটি। সুরম্য শপিং মলটিতে একসময় ক্রেতার বেশ ভিড় হতো। এই মার্কেটের ব্যবসায়ীরা বলেছেন, ফ্লাইওভারের নির্মাণকাজের সময়কার যানজটের কারণে তাঁরা প্রথম ক্রেতা হারাতে শুরু করেন। অন্য বিপণিবিতানে ঝুঁকে পড়া ক্রেতারা আর ফেরেননি। ইদানীং এমন অবস্থা দাঁড়িয়েছিল যে জিনিসপত্র ঘুরে দেখে শুধু দামাদামি করার লোকও তেমন আসছিল না।
একই রকম সমস্যার কথা জানাচ্ছেন ইস্টার্ন প্লাজা, রাপা প্লাজার মতো পরিচিত এবং একসময়ের ব্যস্ত বিপণিবিতানের ব্যবসায়ীরা। তাঁরা বিপণিবিতানে ক্রেতাসংকটের পেছনে বিভিন্ন কারণ চিহ্নিত করেছেন। তাঁদের মতে, অনলাইন শপ এবং ফুটপাতের অস্থায়ী দোকান অনেকাংশে দায়ী হলেও করোনা মহামারির প্রভাব, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়া, যাতায়াতের সমস্যা, এলাকায় এলাকায় বিপণিবিতান হওয়া, পুরোনো শপিং মলে পণ্যের বৈচিত্র্যের অভাব এবং আধুনিক বিপণনব্যবস্থার সঙ্গে তাল মেলাতে না পারাও এর পেছনে কাজ করেছে।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- বিপণি বিতান