‘পরাজিত’ বলায় সাংবাদিকের প্রশ্নের উত্তর না দিয়েই চলে গেলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের পরাজয়ের কয়েক দিন পর হোয়াইট হাউজের বাইরে এক সাংবাদিকের প্রশ্নের মুখে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হেলিকপ্টারের দিকে হেঁটে যাওয়ার সময় ওই সাংবাদিক চিৎকার করে প্রশ্ন করেন, পরাজিত হতে কেমন লাগে? তবে প্রশ্নের কোনো জবাব না দিয়ে হেঁটে চলে যান ট্রাম্প। এ ঘটনা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও।
শুক্রবার (৬ নভেম্বর) হোয়াইট হাউজের বাইরে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপের সময় এ ঘটনা ঘটে। সেদিন ট্রাম্পের হাতে ছিল একটি বড় ছাতা। সাংবাদিকদের কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়ার পর তিনি সেখান থেকে ঘুরে হেলিকপ্টারের দিকে হাঁটতে শুরু করেন। এ সময় এক সাংবাদিক চিৎকার করে বলেন, পরাজিত হতে কেমন লাগে?
তবে ট্রাম্প থামেননি, এমনকি প্রশ্নটির কোনো জবাবও দেননি। তিনি হাঁটতে থাকেন। পরে ‘দ্য প্যাট্রিয়টিক ব্লন্ড’ নামের এক্স অ্যাকাউন্ট থেকে ওই ঘটনার ভিডিওটি শেয়ার করা হয়। ভিডিওর ক্যাপশনে লেখা হয়, ট্রাম্প প্রচণ্ড ক্ষোভে সেখান থেকে চলে গেলেন।
তবে ভিডিওতে ট্রাম্পকে রাগান্বিত দেখা গেছে কি না, তা নিশ্চিতভাবে বলা যায় না। একইভাবে সাংবাদিকের প্রশ্নের কারণেই তিনি সেখান থেকে চলে গেছেন, এমন প্রমাণও ভিডিওতে নেই। কারণ, প্রশ্নটি করার আগেই ট্রাম্প হেলিকপ্টারের দিকে হাঁটতে শুরু করেছিলেন।