নেতানিয়াহুকে হঠাতে আরব দলগুলোর সঙ্গে জোটের দাবিতে ইসরায়েলিদের বিক্ষোভ
তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শাসনাবসান এবং পরবর্তী সরকারে আরব দলগুলোকে অন্তর্ভুক্ত করার দাবিতে ইসরায়েলে বিক্ষোভ করেছে শত শত মানুষ।
নেতানিয়াহু-বিরোধী জোট পার্লামেন্টে যৌথ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর শনিবার সন্ধ্যায় এই বিক্ষোভ হয়।
ইসরায়েলের উত্তরাঞ্চলীয় জেজরিল উপত্যকায় প্রায় ৩০০ মানুষ নতুন সরকারে আরব দলগুলোকে অন্তর্ভুক্ত করার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বলে হারেৎজ পত্রিকা জানিয়েছে।
‘দ্য টাইমস অব ইসরায়েল’ এর প্রতিবেদন অনুযায়ী, একই দাবিতে আরও কয়েকশ’ মানুষ মধ্য তেল আবিবের হাবিমাহ স্কয়ারে জড়ো হয়েছিল।
তেল আবিবে বিক্ষোভকারীরা আরবি এবং হিব্রু ভাষায় লেখা কিছু প্ল্যাকার্ড ধরে রেখেছিলেন, যাতে লেখা ছিল '৬৭ আসন। চলুন নতুন পথ নিই'।
এটি মূলত ১২০ আসনের নেসেটে (ইসরায়েলের সংসদ) নেতানিয়াহুর বিরোধী দলগুলোর সম্মিলিত আসন সংখ্যার একটি ইঙ্গিত, যার মধ্যে আরব জয়েন্ট লিস্ট এবং রা'আম দলও অন্তর্ভুক্ত।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- বিক্ষোভ