জাতীয় ক্রিকেট লিগ: তৈয়েবুরের ৯ বছরের অপেক্ষা শেষের দিনে প্রীতম-ইরফানের সেঞ্চুরি
চার ভেন্যুতে চার রকমের লড়াই। কোথাও অভিজ্ঞতার ঝলক, কোথাও অভিষেকেই নতুন মুখের চমক, আবার কোথাও ব্যাটারদের প্রতিরোধ ভেঙে দিয়েছেন বোলাররা। রোববার জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ষষ্ঠ রাউন্ডের দ্বিতীয় দিন শেষে আলোচনায় তৈয়েবুর রহমানের ডাবল সেঞ্চুরি, ইরফান সাবরি তাকরিরের অভিষেক শতক এবং নাসুম আহমেদ ও আবু হায়দার রনির পাঁচ উইকেট।
রাজশাহীতে ঢাকার হয়ে ব্যাট হাতে দিনটি নিজের করে নিয়েছেন তৈয়েবুর। প্রথম শ্রেণির ক্রিকেটে আগের ডাবল সেঞ্চুরিটি করেছিলেন ২০১৭ সালে। দীর্ঘ বিরতি পেরিয়ে এবার পেলেন আরেকটি দ্বি-শতকের স্বাদ। আগের দিনের ১২৮ রানের সঙ্গে দ্বিতীয় দিন যোগ করেন আরও ৮৩ রান।
মাঝখানে দ্রুত দুই সতীর্থকে হারালেও দমে যাননি ৩৫ বছর বয়সী এই ব্যাটার। অষ্টম উইকেটে সুমন খানের সঙ্গে ৯১ রানের জুটি গড়ে দলকে নিয়ে যান বড় সংগ্রহের পথে। শেষ পর্যন্ত তৈয়েবুর ২১১ রানে থামলে ৫১৩ রানেই ইনিংস ঘোষণা করে ঢাকা। ২০১৭ সালে তার সর্বোচ্চ ইনিংসটি ছিল ২৪২ রানের।
জবাবে দিন শেষ হওয়ার আগে খুলনার দুই উইকেট তুলে নিয়েছে ঢাকা। তবে আজিজুল হাকিমের ৪৯ রানের অপরাজিত ইনিংস ও কালাম সিদ্দিকির ৪৬ রানে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়িয়েছে ২ উইকেটে ১৩২।
- ট্যাগ:
- খেলা
- জাতীয় ক্রিকেট লিগ