তিনি দিবাস্বপ্নে আছেন, হত্যাকারী-রক্তপানকারীর প্রত্যাবর্তন সম্ভব নয়— হাসিনার উদ্দেশে রিজভী
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা দিবাস্বপ্নে আছেন এবং এখানে তার প্রত্যাবর্তন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
তিনি বলেন, ‘এত রক্ত শোষণ করে, রক্ত চেটে যিনি নির্মম ও নিষ্ঠুরভাবে দেশ পরিচালনা করলেন, তিনি এখন বলে দিলেন যে ডিসেম্বরে চলে আসবেন! এদেশের মানুষের চোখের সামনে মুগ্ধ, আবু সাঈদ, ফাইয়াজদের মতো তরুণদের বুক চিতিয়ে বুলেট বরণ করার যে মহাকাব্যিক বাস্তব বিপ্লব আমরা দেখলাম, সে বিপ্লব কি বৃথা যাবে? শেখ হাসিনা প্যারাসুট দিয়ে নামবেন আর সবাই ঢোল বাজাতে বাজাতে তাকে অভ্যর্থনা জানাবো, এটা কোনোদিনই হতে পারে না।’
ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রোববার (৮ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ছাত্রদল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
শেখ হাসিনার উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘বাংলার মাটি বীর জন্ম দিয়েছে। এই মাটিতে যারা ভীত শৃগালের মতো পালিয়ে যায়, যারা নিজের দেশের সন্তানের রক্ত পান করতে দ্বিধা করে না, তারা আবার উড়ে এসে জুড়ে বসবে আর জনগণ মেনে নেবে, এটা কোনোদিনই হওয়া সম্ভব না। পালতক হাসিনা হিন্দুস্তান থেকে আওয়াজ দিচ্ছেন এই যাবো, এই করবো। তিনি দিবাস্বপ্নের মধ্যে রয়েছেন। হত্যাকারী এবং রক্তপানকারীর প্রত্যাবর্তন এখানে সম্ভব নয়।’