পরীমনিকে নিয়ে ক্ষোভ বাড়ছে, চট্টগ্রামের পর এবার গাইবান্ধায় বয়কট
সাংবাদিককে অপমান ও অসদাচরণের অভিযোগে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনিকে বয়কটের ঘোষণা দিয়েছেন গাইবান্ধার সাংবাদিকরা। রোববার (৮ নভেম্বর) দুপুরে শহরের জেলা পুলিশ লাইনস রোডে আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে এ ঘোষণা দেন তারা। একই সঙ্গে পরীমনির আচরণের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভও করেন স্থানীয় সাংবাদিকরা।
সমাবেশে গাইবান্ধার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। এ সময় সাংবাদিক নেতারা পরীমনির অসংবেদনশীল আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বক্তারা অভিযোগ করেন, গত ৫ নভেম্বর ঢাকার আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল ইসলাম রাজুর বিরুদ্ধে অসদাচরণ ও অশালীন স্পর্শের অভিযোগ তোলেন পরীমনি। এ সময় ওই সাংবাদিককে গালাগালও করেন তিনি। সাংবাদিক নেতাদের দাবি, রবিউল শারীরিক প্রতিবন্ধকতায় ভুগছেন এবং তার একটি হাত অকেজো।
তারা বলেন, মুক্ত ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশে এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পেশাগত মর্যাদা ও সম্মান রক্ষায় গণমাধ্যমকর্মীরা সব সময় ঐক্যবদ্ধ থাকবেন।