যুক্তরাষ্ট্রে গত মঙ্গলবার অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে বড় জয় পেয়েছেন ডেমোক্র্যাটরা। এতে ওয়াশিংটনে ক্ষমতার ভারসাম্য বদলাতে শুরু করেছে। দেশটির ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কোন অঙ্গরাজ্যগুলো জয়ের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, সেই হিসাবও পাল্টে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ঘাঁটি হিসেবে পরিচিত বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ভালো করেছেন ডেমোক্র্যাটরা। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিটি অঙ্গরাজ্যের জনসংখ্যার ভিত্তিতে নির্ধারিত ইলেকটোরাল কলেজের প্রতিনিধিরা ভোট দিয়ে প্রেসিডেন্ট নির্বাচন করেন। জিততে প্রার্থীকে অন্তত ২৭০টি ইলেকটোরাল ভোট পেতে হয়। মধ্যবর্তী নির্বাচনের এই ফল ডেমোক্র্যাটদের সামনে সেই সংখ্যায় পৌঁছানোর নতুন পথ খুলে দিতে পারে।
ভোটারদের মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি অসন্তোষ দেখা গেছে। তাই এখন রিপাবলিকানদের সামনে প্রশ্ন, মাগা বা মেক আমেরিকা গ্রেট এগেইন আন্দোলনের ভোটারদের কি আবার এক ছাতার নিচে আনা যাবে, নাকি দলকে নতুন পথে ও কৌশলে পরিচালিত করতে হবে?
দুই দলের কেউই এখনো আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার শুরু করেনি। তবে প্রত্যাশিত সময়ের আগেই কেউ কেউ মাঠে নেমে পড়তে পারেন বলে ধারণা করা হচ্ছে। মধ্যবর্তী নির্বাচনের পর সম্ভাব্য প্রার্থীদের অবস্থান কেমন, তা একনজরে দেখে নেওয়া যাক।