রাশিয়ার দখলে ইউক্রেনের শত শত হোটেল—মামলা করলেন এক মালিক
ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে আজভ সাগরের উপকূলে পর্যটনকেন্দ্রগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার পর শত শত হোটেল ও রিসোর্ট দখলে নিয়েছে রাশিয়া। এসব সম্পত্তির মালিকানা নিজেদের নিয়ন্ত্রণে নিতে ‘মালিকহীন’ ঘোষণা করছে মস্কো-সমর্থিত প্রশাসন। দখল করা হোটেলগুলোতে ইতিমধ্যে রুশ পর্যটক ও সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সারদের আনাগোনাও শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে নিজের গড়ে তোলা হোটেল ও অ্যাপার্টমেন্ট হারিয়ে ক্ষতিপূরণ আদায়ে রাশিয়ার বিরুদ্ধে আইনি লড়াই শুরু করেছেন ইউক্রেনের এক ব্যবসায়ী।
শুক্রবার (৬ নভেম্বর) রয়টার্স জানায়, ৪৯ বছর বয়সী দেনিস কাতিউখা তাঁর মালিকানাধীন ‘অ্যাডমিরাল’ হোটেল এবং মেলিতোপোল শহরের একটি অ্যাপার্টমেন্ট রাশিয়ার দখলে যাওয়ার পর ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন। প্রায় ১১ মাসের আইনি লড়াই শেষে গত ৩০ এপ্রিল ইউক্রেনের একটি আদালত তাঁর পক্ষে ৫১ লাখ ডলার ক্ষতিপূরণের রায় দেন। তবে রাশিয়া এই অর্থ পরিশোধ করবে, এমন সম্ভাবনা খুবই কম।
রাশিয়ার অনুপস্থিতিতেই মামলার শুনানি চলে। আদালতে বিবাদী হিসেবে রাশিয়ার নাম ডাকা হলেও কেউ হাজির হয়নি। কাতিউখা বলেন, ‘আপাতত আমিই ভুক্তভোগী—বাতাসের সঙ্গে লড়াই করা এক ডন কিহোতে।’
বার্তা সংস্থা রয়টার্সের রুশ ও ইউক্রেনীয় সম্পত্তিসংক্রান্ত নথি পর্যালোচনায় দেখা গেছে, ২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর আজভ সাগর উপকূলে শত শত হোটেল ও রিসোর্ট দখল করেছে রাশিয়া। অধিকৃত জাপোরিঝঝিয়া অঞ্চলে সাত হাজারের বেশি আবাসিক ও বাণিজ্যিক সম্পত্তিকে ‘মালিকহীন’ হিসেবে চিহ্নিত করেছে রুশ-নিয়ন্ত্রিত প্রশাসন। এর মধ্যে ৫২১টি হোটেল ও রিসোর্ট রয়েছে। অন্তত ৭৭টি হোটেল ও রিসোর্ট এখন রুশ ব্যবসাপ্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে। এর মধ্যে ২০টি পরিচালনা করছে রুশ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান।