‘স্বাস্থ্যকর লবণ’ ব্যবহারে বছরে ৩০ লাখ মৃত্যু এড়ানো সম্ভব: গবেষণা
পটাশিয়ামসমৃদ্ধ বিকল্প লবণ ব্যবহারের মাধ্যমে বিশ্বজুড়ে প্রতিবছর প্রায় ৩০ লাখ মানুষের মৃত্যু এবং হৃদ্রোগ ও কিডনি রোগের এক কোটি নতুন ঘটনা প্রতিরোধ করা সম্ভব। সাধারণ খাবার লবণের পরিবর্তে এই স্বাস্থ্যকর লবণ ব্যবহার করলে উচ্চ রক্তচাপসহ বিভিন্ন প্রাণঘাতী রোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো যেতে পারে বলে নতুন এক বিশ্লেষণে উঠে এসেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের খবরে বলা হয়েছে, জর্জ ইনস্টিটিউট ফর গ্লোবাল হেলথের ওই বিশ্লেষণ অনুযায়ী—বিকল্প এই লবণ দেখতে ও স্বাদে সাধারণ খাবার লবণের মতো হলেও এতে পটাশিয়াম সমৃদ্ধ উপাদান যুক্ত রয়েছে।
পটাশিয়াম একটি অত্যাবশ্যকীয় খনিজ, যা উচ্চ রক্তচাপ কমাতে, হৃদ্স্পন্দন স্বাভাবিক রাখতে এবং প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে ক্যালসিয়াম বেরিয়ে যাওয়ার পরিমাণ কমাতে সাহায্য করে। এতে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকিও কমে। অনলাইন ও বিভিন্ন দোকানে সহজলভ্য এই লবণের দাম ৬ থেকে ২০ ডলার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত বছর এই বিকল্প লবণ ব্যবহারের পক্ষে সুপারিশ করে।
প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ অধ্যাপক ব্রুস নিল বলেন, অতিরিক্ত সোডিয়াম গ্রহণ এবং পর্যাপ্ত পটাশিয়াম গ্রহণ না করা উচ্চ রক্তচাপের সুপ্রতিষ্ঠিত কারণ। উচ্চ রক্তচাপ স্ট্রোক, হার্ট অ্যাটাক ও কিডনি রোগের মতো প্রাণঘাতী অসুস্থতার অন্যতম প্রধান ঝুঁকির কারণ। তিনি বলেন, পটাশিয়ামসমৃদ্ধ লবণ ব্যবহারের মাধ্যমে খাদ্যাভ্যাসের এই দুটি সমস্যাই একই সঙ্গে মোকাবিলা করা সম্ভব। এতে স্বাস্থ্যের ওপর উল্লেখযোগ্য ইতিবাচক প্রভাব পড়তে পারে।
বিশ্বে মৃত্যুর প্রধান কারণ হৃদ্রোগ ও রক্তনালিসংক্রান্ত রোগ। এসব রোগে প্রতিবছর প্রায় দুই কোটি মানুষের মৃত্যু হয়। অন্যদিকে, কিডনি রোগে প্রতিবছর মারা যান প্রায় ১৫ লাখ মানুষ। বিশ্বজুড়ে ৩০ থেকে ৭৯ বছর বয়সী প্রাপ্তবয়স্কদের প্রতি তিনজনের একজন উচ্চ রক্তচাপে আক্রান্ত। সব মিলিয়ে বিশ্বে উচ্চ রক্তচাপে আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় ১৪০ কোটি।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- স্বাস্থ্য ঝুঁকি
- লবণ
- বিকল্প