টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?
আগামী তিন বছরের মধ্যে দেশের মোবাইল নেটওয়ার্ক থেকে টু-জি প্রযুক্তি বিদায় করার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
এই পরিকল্পনা বাস্তবায়িত হলে শুধু টু-জি প্রযুক্তি সমর্থিত বাটন ফোনে আর প্রচলিত মোবাইল কল করা যাবে না। তবে ভোল্টি প্রযুক্তি সমর্থন করে এমন বাটন ফোন সচল থাকবে।
তবে বিটিআরসির হিসাবে দেশে এখন ৬ কোটি ১৩ লাখ টুজি ফোন ব্যবহার করছেন গ্রাহকেরা, যেগুলোর বেশিরভাগই ভোল্টি প্রযুক্তি সমর্থন করে না।
ফলে নেটওয়ার্ক বন্ধের পরিকল্পনা বাস্তবায়িত হলে বিপুলসংখ্যক গ্রাহককে নতুন ফোন কিনতে হবে। তাদের জন্য সাশ্রয়ী বিকল্প নিশ্চিত করাই হবে বড় চ্যালেঞ্জ।
গত অক্টোবরে মোবাইল অপারেটর, হ্যান্ডসেট উৎপাদকসহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনার পর ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের একটি রোডম্যাপ তৈরি করে বিটিআরসি।
এই পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের ডিসেম্বরের পর নতুন কোনো টু-জি হ্যান্ডসেটের মডেল অনুমোদন না দেওয়ার কথা রয়েছে।