পিৎজায় আনারস দিতে অস্বীকৃতি, অস্ট্রেলিয়ায় চাকরি গেল ইতালীয় শেফের
পিৎজায় আনারস ব্যবহারে আপত্তি জানিয়ে অস্ট্রেলিয়ায় চাকরি হারিয়েছেন ইতালীয় এক শেফ। নিজের সংস্কৃতির প্রতি অপমানজনক দাবি করে পিৎজায় আনারস দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন তিনি। এ নিয়ে মালিকপক্ষের সঙ্গে বিরোধের জেরে চাকরি হারানোর পর অস্ট্রেলিয়ার ‘ফেয়ার ওয়ার্ক কমিশনে’ (এফডব্লিউসি) অন্যায্যভাবে বরখাস্তের অভিযোগ করেন ওই শেফ। তবে নির্ধারিত সময়ের পরে আবেদন করায় তাঁর অভিযোগ খারিজ হয়ে গেছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, ডেভিডে তাম্বুরেল্লা নামের ওই শেফ অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের ইতালীয় রেস্তোরাঁ লা কোস্তার প্রধান রাঁধুনি ছিলেন। তিন বছরের বেশি সময় কাজ করার পর গত ২০ মে তাঁকে চাকরিচ্যুত করা হয়। রেস্তোরাঁটির ব্যবস্থাপনা পরিচালক এলিয়ট ইনগ্রামের অভিযোগ, অন্তত তিনবার পিৎজায় আনারস দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন তাম্বুরেল্লা।
অস্ট্রেলিয়ার ফেয়ার ওয়ার্ক কমিশনের শুনানিতে জানা যায়, ঘটনার দুই সপ্তাহ আগে কর্মদক্ষতা নিয়ে আলোচনার জন্য তাম্বুরেল্লাকে বৈঠকে ডেকেছিলেন মালিক। সেখানে আনারস ব্যবহারে তাঁর অনীহার বিষয়টিও উঠে আসে। বিরোধ চূড়ান্ত রূপ নেয় ১৫ হাজার অস্ট্রেলীয় ডলার ব্যয়ের একটি অনুষ্ঠানের খাবারের তালিকায় আনারসযুক্ত পিৎজার অর্ডার আসার পর। তখন তাম্বুরেল্লা তাঁর বসকে ইতালীয়দের কাছে পিৎজায় আনারস না দেওয়ার গুরুত্ব যাচাই করতে বলেন।
- ট্যাগ:
- জটিল
- চাকরিচ্যুত