মৃত স্বজনদের স্মরণে বানানো গুয়াতেমালার খাবার গড়লো বিশ্বরেকর্ড
সালাদ বলতে সাধারণত শসা, টমেটো, পেঁয়াজ কিংবা লেটুস পাতার মিশ্রণই চোখে ভাসে। খাবারের সঙ্গে ছোট্ট এক বাটি সালাদ এটাই পরিচিত ছবি। কিন্তু সেই সালাদের ওজন যদি হয় প্রায় দুই হাজার কেজি, তাহলে কেমন হবে? অবিশ্বাস্য মনে হলেও এমনই এক বিশাল সালাদ তৈরি করে বিশ্বরেকর্ড গড়েছেন মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালার একদল শেফ। ৫২ ধরনের উপকরণে তৈরি এই সালাদের ওজন প্রায় দুই টন!
২০২৬ সালের ২৪ অক্টোবর গুয়াতেমালা সিটির সেন্ট্রো কমের্শিয়াল কায়ালা এলাকায় তৈরি করা হয় ব্যতিক্রমী এই সালাদ। ওজন করা হলে দেখা যায়, এর মোট ওজন ১ হাজার ৯৬২ দশমিক ২ কেজি। অর্থাৎ দুই হাজার কেজির খুব কাছাকাছি। গুয়াতেমালার খাদ্য সংস্থা টোলেডো আলিমেন্তোসের উদ্যোগে শেফ ও স্বেচ্ছাসেবকদের সম্মিলিত প্রচেষ্টায় তৈরি হয় বিশাল এই খাবার। পরে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতিও পায় আয়োজনটি।
৫২ উপকরণে কী ছিল এই সালাদে?
এটি সাধারণ কোনো সবজির সালাদ নয়। গুয়াতেমালার ঐতিহ্যবাহী খাবার ‘ফিয়ামব্রে’ তৈরি করা হয়েছে এত বিপুল পরিমাণে। এতে ব্যবহার করা হয়েছে মাংস, বিভিন্ন ধরনের সসেজ, সিদ্ধ ডিম, ভুট্টা, ক্যাপসিকাম, লেটুস পাতাসহ নানা উপকরণ। সবশেষে যোগ করা হয় বিশেষ ধরনের ড্রেসিং। মোট ৫২টি উপকরণের সমন্বয়ে তৈরি এই খাবার স্বাদে ও উপাদানে আমাদের পরিচিত সালাদের চেয়ে অনেকটাই আলাদা।