শীতের আগমনী বার্তায় শুষ্কতা ছড়ানোর আগেই ত্বক সুরক্ষার কৌশল
শরতের মিঠে রোদ পেরিয়ে প্রকৃতিতে এখন হালকা ঠান্ডা হাওয়া ও কুয়াশার পরশ। ক্যালেন্ডারের পাতায় শীত পুরোপুরি জেঁকে না বসলেও, এই প্রাক-শীত বা ঋতু পরিবর্তনের সময় ত্বকে এক ধরনের নীরব পরিবর্তন শুরু হয়ে যায়।
অনেকের গালে টান ধরা, নাকের কোণায় চামড়া ওঠা বা ঠোঁট ফাটতে শুরু করার মতো লক্ষণগুলো স্পষ্ট হয়ে ওঠে।
চিকিৎসাবিজ্ঞান বলছে, ঠান্ডা বাতাসে আর্দ্রতা কম থাকায় ত্বক থেকে দ্রুত প্রাকৃতিক তেল ও পানি শুষে নেয়, যার ফলে ত্বকের প্রাকৃতিক প্রতিরক্ষামূলক স্তর বা ‘স্কিন ব্যারিয়ার’ ক্ষতিগ্রস্ত হয়।
তাই শীতের আগেই রূপচর্চার রুটিনে কিছু পরিবর্তন আনা জরুরি।
ফেইসওয়াশ ও ক্লিনজার পরিবর্তন
প্রাক-শীতের এই সময়ে ভুল হল গরমকালের তীব্র ফেনা যুক্ত ফেইসওয়াশ বা ক্ষারযুক্ত সাবান অনবরত ব্যবহার করা।
ইয়াহু শপিং-এর রূপচর্চা-বিষয়ক কলামে প্রকাশিত এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বোর্ড-প্রত্যয়িত চর্মরোগ বিশেষজ্ঞ ডা. মিশেল হেনরি বলেন, “অনেকে মুখ ধোয়ার পর চামড়া একদম কড়া বা টানটান হওয়াকে ভালো মনে করেন, যা এই ঋতুতে ত্বকের জন্য ক্ষতিকর। এটি ত্বকের রক্ষাকবচ ভেঙে দেয়।”
পরামর্শ: ডা. হেনরির মতে, এই সময়ে ফোমিং জেলের বদলে ক্রিইমি এবং ‘সোপ-ফ্রি’ বা সাবানমুক্ত, আর্দ্রতা রক্ষাকারী ক্লিনজার বেছে নেওয়া উচিত।
ক্লিনজার কেনার সময় তাতে গ্লিসারিন, সেরামাইডস বা অ্যালোভেরার মতো উপাদান রয়েছে কি-না, তা লেবেল মিলিয়ে দেখে নেওয়া ভালো।
ময়েশ্চারাইজারের স্তর বিন্যাস: ‘থ্রি-মিনিট রুল’
যুক্তরাষ্ট্রের ‘ইলিনয় ডার্মাটোলজি স্পেশালিস্টস’-এর প্রকাশিত এক স্বাস্থ্যবিষয়ক নির্দেশিকায়, শীতকালীন শুষ্কতা বা ‘জেরোসিস’ রুখতে ময়েশ্চারাইজার ব্যবহারের নিয়ম জানানো হয়। যাকে বলা হয় ‘থ্রি-মিনিট রুল’ বা তিন মিনিটের সূত্র।
পরামর্শ: গোসল বা মুখ ধোয়ার ঠিক তিন মিনিটের মধ্যে, ত্বক যখন হালকা ভেজা থাকে, তখনই ময়েশ্চারাইজার লাগাতে হবে। এটি ত্বকের লোমকূপের ভেতরে পানিকে আটকে রাখতে সাহায্য করে।
এই সময়ে হালকা জেলের বদলে হাইলুরোনিক অ্যাসিড, শিয়া বাটার, স্কোয়ালেন বা সেরামাইডস যুক্ত ঘন ক্রিম ব্যবহার করা উচিত।
- ট্যাগ:
- লাইফ
- শীতকালে ত্বকের যত্ন