রান্নাঘরের মসলা থেকেই টবে বানান ছোট বাগান

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৬, ১৯:১৪

বাড়িতে একটু সবুজের ছোঁয়া কার না ভালো লাগে! কিন্তু বাগান করার জন্য বড় জায়গা বা আলাদা করে অনেক চারা কেনার প্রয়োজন নেই। রান্নাঘরে থাকা পরিচিত কয়েকটি মসলা ও মসলার বীজ দিয়েই শুরু করতে পারেন নিজের ছোট মসলার বাগান। ধনে, মেথি, মৌরি থেকে শুরু করে আদা, রসুন ও হলুদ-এসব উপাদানের কিছু অংশ মাটিতে রোপণ করলেই সময়ের সঙ্গে গাছ জন্মাতে পারে।


বারান্দার কোণে, ছাদে কিংবা জানালার পাশে কয়েকটি টব সাজিয়ে তৈরি করা যায় এমন বাগান। এতে রান্নার জন্য প্রয়োজনীয় তাজা পাতা ও কিছু মসলা হাতের কাছেই পাওয়া যাবে। তবে সব মসলা লাগানোর পদ্ধতি এক নয়। কোনটি বীজ থেকে, আর কোনটি গাঁট বা কোয়া থেকে গাছ হয়, জেনে নিন।


ধনে


রান্নায় ধনে পাতার ব্যবহার প্রায় প্রতিদিনই হয়। বাজার থেকে ধনে বীজ কিনে বা ঘরে থাকা আস্ত ধনে বীজ থেকেই টবে ধনেপাতা গাছ করতে পারেন। বীজগুলো খুব শক্ত হলে হালকা করে দুই ভাগ করে নিন। তবে ভেতরের অংশ যেন ক্ষতিগ্রস্ত না হয়। এরপর ঝুরঝুরে মাটিতে অল্প গভীরে বীজ ছড়িয়ে পাতলা মাটি দিয়ে ঢেকে দিন। নিয়মিত হালকা পানি দিলে সাধারণত কয়েক দিনের মধ্যে চারা গজাতে শুরু করে। টব এমন জায়গায় রাখুন, যেখানে পর্যাপ্ত আলো-বাতাস পাওয়া যায়। গাছ বড় হলে প্রয়োজনমতো কচি পাতা সংগ্রহ করতে পারবেন।


মেথি


মেথি বীজ থেকেও সহজেই গাছ তৈরি করা যায়। একটি টবে মাটি ঝুরঝুরে করে তার ওপর মেথির বীজ ছড়িয়ে দিন। এরপর অল্প মাটি দিয়ে ঢেকে পানি ছিটিয়ে দিন। মাটি যেন আর্দ্র থাকে, সেদিকে খেয়াল রাখুন। কয়েক দিনের মধ্যেই ছোট চারা দেখা দিতে পারে। মেথির কচি পাতা শাক হিসেবে রান্না করা যায়। গাছ বড় হতে দিলে পরবর্তী সময়ে বীজও সংগ্রহ করতে পারবেন।


মৌরি বা মিষ্টি জিরা


মৌরির বীজ থেকেও টবে গাছ করা সম্ভব। বীজগুলো মাটিতে অল্প গভীরে বুনে হালকা পানি দিন। পর্যাপ্ত আলো ও পানি পেলে ধীরে ধীরে গাছ বড় হবে। মৌরি গাছের জন্য এমন টব বেছে নেওয়া ভালো, যেখানে শিকড় ছড়ানোর মতো জায়গা রয়েছে। গাছ পরিপক্ব হলে এর বীজ সংগ্রহ করে রান্নায় ব্যবহার করা যায়। বাড়ির মসলার বাগানে বৈচিত্র্য আনতেও মৌরি রাখতে পারেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও