নারী ও শিশুর প্রতি সহিংসতা: লড়াইটা যেখানে অভিন্ন
একটি পরিবারে একজন নারী যখন নির্যাতনের শিকার হন, তখন তাঁর সন্তানদের জীবনে কী ঘটে? শিশুরা হয়তো সরাসরি শারীরিক নির্যাতনের শিকার হচ্ছে না, কিন্তু মায়ের ওপর সহিংসতা প্রত্যক্ষ করে তাদের মনে যে ভয় ও মানসিক ক্ষত তৈরি হয়, তার হিসাব আমরা কতটা রাখি? আবার যে শিশু পরিবারে মারধর, অপমান ও ভয়ভীতির মধ্যে বড় হয়, প্রাপ্তবয়স্ক হওয়ার পর তার সম্পর্ক ও আচরণে সেই অভিজ্ঞতার কী প্রভাব পড়ে? নারী ও শিশুর প্রতি সহিংসতাকে পৃথক সমস্যা হিসেবে দেখলে এসব গুরুত্বপূর্ণ প্রশ্ন আড়ালে থেকে যায়।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) ২০২৪ সালের নারী নির্যাতন জরিপ অনুযায়ী, বিবাহিত জীবনের অভিজ্ঞতা রয়েছে, এমন নারীদের প্রায় ৭৬ শতাংশ জীবনের কোনো না কোনো সময়ে স্বামীর মাধ্যমে শারীরিক, যৌন, মানসিক, অর্থনৈতিক নির্যাতন কিংবা নিয়ন্ত্রণমূলক আচরণের শিকার হয়েছেন। বিবিএস ও ইউনিসেফের মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে ২০২৫ অনুযায়ী, বাংলাদেশে ১ থেকে ১৪ বছর বয়সী ৮৫ দশমিক ৭ শতাংশ শিশু জরিপের আগের এক মাসে পরিবারের সদস্যদের দ্বারা শারীরিক শাস্তি অথবা মানসিক আগ্রাসনের শিকার হয়েছে।
এই পরিসংখ্যান নারী ও শিশুর প্রতি সহিংসতার ভয়াবহতা তুলে ধরে। আপাতদৃষ্টিতে এগুলো দুটি পৃথক সমস্যা মনে হলেও বাস্তবে সহিংসতার কারণ, ধরন ও পরিণতি অনেক ক্ষেত্রেই পরস্পরের সঙ্গে গভীরভাবে যুক্ত। অথচ বাংলাদেশে নারী ও শিশু অধিকার–সংক্রান্ত কার্যক্রম বেশির ভাগ ক্ষেত্রেই আলাদাভাবে পরিচালিত হয়।
নারী ও শিশুর প্রতি সহিংসতার অন্যতম প্রধান কারণ একই রকম সামাজিক দৃষ্টিভঙ্গি। আমাদের সমাজে এখনো অনেকেই মনে করেন, পরিবারের পুরুষ সদস্যের কর্তৃত্ব প্রশ্নাতীত। স্বামী স্ত্রীর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবেন, মা–বাবা সন্তানকে শাসন করতে প্রয়োজনে মারধর করবেন—এমন ধারণা বহু পরিবারে স্বাভাবিক বলে বিবেচিত হয়। উভয় ক্ষেত্রেই ক্ষমতার অসম সম্পর্ক কাজ করে। অপেক্ষাকৃত ক্ষমতাবান ব্যক্তি অন্যের ওপর নিজের ইচ্ছা চাপিয়ে দেওয়ার অধিকার আছে বলে মনে করেন।
আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো সহিংসতাকে ব্যক্তিগত বা পারিবারিক বিষয় হিসেবে দেখার প্রবণতা। স্বামীর নির্যাতনের শিকার নারীকে সংসার টিকিয়ে রাখতে চুপ থাকতে বলা হয়। একইভাবে শিশুর ওপর শারীরিক শাস্তিকে পারিবারিক শাসনের অংশ হিসেবে মেনে নেওয়া হয়। সামাজিক লজ্জা, পরিবারের সম্মান রক্ষা এবং নির্যাতনের শিকার ব্যক্তিকেই দায়ী করার সংস্কৃতি উভয়ের ন্যায়বিচার পাওয়ার পথে বাধা সৃষ্টি করে।
গবেষণায় দেখা গেছে, যেসব পরিবারে ঘনিষ্ঠ সঙ্গীর মধ্যে সহিংসতা ঘটে, সেখানে শিশুদেরও নির্যাতনের ঝুঁকি বেশি থাকে। আবার যে শিশু দেখে তার বাবা মায়ের ওপর নির্যাতন করছেন, সে সম্পর্কের মধ্যে ক্ষমতা ও নিয়ন্ত্রণের ব্যাপারে ক্ষতিকর ধারণা নিয়ে বড় হতে পারে।
মা-বাবা যখন শিশুকে শাস্তি দেন, তখন শিশু ঘনিষ্ঠ সম্পর্কে সহিংসতাকে স্বাভাবিক হিসেবে মেনে নিতে শেখে। শৈশবে সহিংসতার শিকার হওয়া কিংবা তা প্রত্যক্ষ করার অভিজ্ঞতা পরবর্তী জীবনে সহিংসতার শিকার হওয়া বা সহিংস আচরণের ঝুঁকি বাড়াতে পারে। তবে শৈশবে সহিংসতার অভিজ্ঞতা থাকলেই কেউ ভবিষ্যতে নির্যাতনকারী হবে, এমন নয়। যথাযথ সহায়তা, ইতিবাচক সম্পর্ক ও নিরাপদ পরিবেশ এই চক্র ভাঙতে পারে।
নারী ও শিশুর প্রতি সহিংসতা অনেক ক্ষেত্রেই মানসিক ট্রমা, বিষণ্নতা, শারীরিক অসুস্থতা ও কার্যক্ষমতা হ্রাসের কারণ হয়। এমনকি গর্ভাবস্থায় সহিংসতা ভ্রূণের স্বাস্থ্যেও প্রভাব ফেলে। তাই অহিংস সমাজ গড়তে উভয়ের সুরক্ষাকে একসঙ্গে গুরুত্ব দিতে হবে।
- ট্যাগ:
- মতামত
- নারীর প্রতি সহিংসতা