২০ লাখ মানুষের জন্য ২৫০ শয্যার হাসপাতাল, নেই আইসিইউ-ভেন্টিলেটর
ভোলার প্রায় ২০ লাখ মানুষের চিকিৎসার ভরসা ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল। অথচ গুরুতর রোগীদের জীবন বাঁচাতে প্রয়োজনীয় নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও ভেন্টিলেটর সেবা সেখানে চালু হয়নি। পাঁচ বছরেরও বেশি সময় ধরে হাসপাতালের একটি কক্ষে পড়ে আছে কোটি কোটি টাকা মূল্যের আইসিইউ সরঞ্জাম। ছয়টি আইসিইউ বেড ও তিনটি ভেন্টিলেটর থাকলেও সেগুলো কোনো দিন রোগীর সেবায় ব্যবহার করা যায়নি।
ফলে স্ট্রোক, হৃদরোগ, শ্বাসকষ্টসহ গুরুতর অসুস্থ রোগীদের উন্নত চিকিৎসার জন্য পাঠাতে হচ্ছে বরিশাল কিংবা ঢাকায়। বিচ্ছিন্ন দ্বীপ জেলা হওয়ায় ভোলা থেকে অন্য জেলায় যেতে পাড়ি দিতে হয় নদীপথ। এতে জরুরি রোগীদের সময়মতো আইসিইউ সেবা পাওয়া কঠিন হয়ে পড়ে। পথেই কিংবা ভোলা ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোগীর মৃত্যুর ঘটনাও ঘটছে। দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি চললেও আইসিইউ চালুর উদ্যোগ দৃশ্যমান নয়।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও অন্যান্য জনবল না থাকায় আইসিইউ ইউনিট চালু করা যাচ্ছে না। জনবল চেয়ে একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো কোনো সমাধান হয়নি।
কোটি টাকার সরঞ্জাম পড়ে আছে পাঁচ বছরের বেশি
ভোলা ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের অফিস সূত্রে জানা গেছে, ২০২১ সালের মাঝামাঝি সময়ে হাসপাতালটিতে আইসিইউ ও ভেন্টিলেটর মেশিনসহ প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা হয়। এসব সরঞ্জামের মূল্য কয়েক কোটি টাকা। আইসিইউ ইউনিটে রয়েছে ছয়টি বেড ও তিনটি ভেন্টিলেটর মেশিন। এর সঙ্গে রয়েছে প্রয়োজনীয় অন্যান্য যন্ত্রাংশ। তবে সরঞ্জাম স্থাপনের পর থেকে এক দিনের জন্যও চালু হয়নি ইউনিটটি।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- চিকিৎসা সেবা
- হাসপাতাল