৭৫ বছরেও বক্স অফিসে রজনীকান্তের রাজত্ব
এখনো বক্স অফিসে দাপট দেখিয়ে যাচ্ছেন ৭৫ বছর বয়সী রজনীকান্ত। পর্দায় তার উপস্থিতি এখনো যে দর্শক টানতে পারে, তার প্রমাণ ‘জেলার ২’। মুক্তির ২০ দিনের মধ্যেই সিনেমাটি বিশ্বজুড়ে আয় করে ফেলেছে ৮২১ কোটি রুপি।
বয়সকে যেন পাত্তাই দিচ্ছেন না দক্ষিণ ভারতীয় সিনেমার এই সুপারস্টার। কয়েক দশক ধরে দর্শকের ভালোবাসা পাওয়া রজনীকান্ত আবারও বুঝিয়ে দিলেন, তার তারকাখ্যাতিতে সামান্যতম ভাটাও পড়েনি।
আজ বৃহস্পতিবার ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, নেলসন দিলীপকুমার পরিচালিত ‘জেলার ২’ মুক্তি পেয়েছে গত ১৫ অক্টোবর। এটি ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘জেলার’ সিনেমার সিক্যুয়েল। দুই সিনেমাতেই টাইগার মুথুভেল পান্ডিয়ান চরিত্রে অভিনয় করেছেন রজনীকান্ত।
বক্স অফিস বিশ্লেষক সংস্থা স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ভারতে ২০ দিনে সিনেমাটির নেট আয় ৪৬৬ কোটি ৫ লাখ রুপি, মোট আয় ৫৪৫ কোটি ১০ লাখ রুপি। বিদেশের বাজার থেকে এসেছে আরও ২৭৬ কোটি রুপি। সবমিলিয়ে বিশ্বব্যাপী আয় ৮২১ কোটি রুপি ছাড়িয়েছে।
এই আয়ের মধ্য দিয়ে ২০২৬ সালের সবচেয়ে বেশি আয় করা ভারতীয় সিনেমার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ‘জেলার ২’। এক নম্বরে আছে আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’।