‘কত বড় সাহস, গায়ে হাত দেয়’—আদালত চত্বরে ক্ষুব্ধ পরীমনি
আজ বৃহস্পতিবার আদালতে যান চিত্রনায়িকা পরীমনি। পরে আদালত থেকে জামিন পেয়ে বের হয়ে তাঁর গাড়িতে উঠতে যাচ্ছিলেন। এমন সময় অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হন পরীমনি। এ ঘটনায় পরীমনি মেজাজ হারান। মুঠোফোন হাতে ভিডিও করতে থাকা একজনকে শাসাতে থাকেন। কী হয়েছিল পরীমনির সঙ্গে?
ভিডিওতে দেখা যায়, পরীমনির নিরাপত্তাকর্মী ও সহকারীরা নিরাপত্তা দিয়ে আদালত থেকে বের করে নিয়ে আসছিলেন। তিনি হেঁটে গাড়ির দিকে যাচ্ছিলেন। এমন সময় সাংবাদিকদের অনেকেই তাঁকে ঘিরে ধরেন। কেউ কেউ দূর থেকেই পরীমনিকে জামিন নিয়ে নানা প্রশ্ন করতে থাকেন। সাংবাদিকদের প্রশ্ন ছিল, ‘জামিনের পরে আপনার প্রতিক্রিয়া কী, আমাদের মন্তব্যটা বলেন।’
কিন্তু পরীমনি এ সময় কারও কোনো প্রশ্নের উত্তর দেননি। তিনি যাচ্ছিলেন তাঁর সাদা গাড়ির দিকে। গাড়িতে উঠবেন, এমন সময় হঠাৎ মেজাজ হারিয়ে একজনের দিকে তেড়ে আসেন পরীমনি। এই ঢালিউড নায়িকাকে বলতে শোনা যায়, ‘তুই আমার হাত দিয়েছিস ক্যান!’ সেই সময় মুঠোফোন হাতে থাকা একজন বলতে থাকেন, ‘আমি আপনার গায়ে হাত দিব কেন? আমি ভিডিও করছি।’ পাশ থেকে পরীমনির সহকারীরাও বলতে থাকেন, ‘আপনি গায়ে হাত দিয়েছেন। আপনার হাত ছিল।’