পোস্তগোলায় দুই ট্রাকের ‘রেষারেষির সংঘর্ষে’ নিহত ২
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৬, ১১:০০
ঢাকার কদমতলী এলাকায় দুই ট্রাকের ‘পাশাপাশি সংঘর্ষে’ পাশে থাকা মিশুক ও অটোরিকশার দুই চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৩টার দিকে পোস্তগোলা গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ব্যাটারি অটোরিকশার চালক জাকির হোসেন (৫৫) ও মিশুক চালক জাহাঙ্গীর পোদ্দার (৫০)। এ দুর্ঘটনায় সিএনজি অটোরিকশার চালক সুভাষ চন্দ্র আহত হয়েছেন।
নিহত জাকির হোসেনের ছেলে মাহিন হোসেন সকালে বলেন, “গতরাতে পোস্তগোলা গোলচত্বর সিএনজি স্টেশনের সামনে দুটি ট্রাক রেস করে দ্রুতগতিতে যাওয়ার সময় দুই ট্রাকের দুই পাশে থাকা অটোরিকশা ও মিশুককে সজোরে ধাক্কা দেয়।
“এতে মিশুকে থাকা ও অটোরিকশায় থাকা দুজন পাশের খাদে পড়ে গুরুতর আহত হন। পরে পথচারীরা তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা জানান, তারা আর বেঁচে নেই।”