আবারও বিচারকের আসনে মেহজাবীন, সঙ্গে তাহসান
২০১০ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতা দিয়ে শোবিজে যাত্রা শুরু মেহজাবীন চৌধুরীর। গত বছর ওই প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন। এ বছরের এপ্রিলে শেষ হয় আসর। বছর না ঘুরতেই আবার বিচারকের আসনে তিনি। এবার বিচারক হয়েছেন শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের রিয়েলিটি শো ‘মার্কস অলরাউন্ডার’-এর। সঙ্গে রয়েছেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান।
মার্কস অলরাউন্ডারের বিচারকের দায়িত্ব পালন প্রসঙ্গে মেহজাবীন চৌধুরী বলেন, ‘অনেক বছর পর আবারও শুরু হয়েছে মার্কস অলরাউন্ডার রিয়েলিটি শো। এবারের আয়োজনে আমাকে বিচারক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে, যা আমার জন্য সত্যিই অনেক সম্মানের ও আনন্দের।’
মেহজাবীন আরও বলেন, ‘ভালো লাগছে নতুন প্রতিভা খুঁজে বের করার এই সুন্দর উদ্যোগের অংশ হতে পেরে। ইন্ডাস্ট্রিতে নতুন প্রতিভার আগমন সব সময় আশার আলো জাগায়। আশা করি, এই মঞ্চ থেকে উঠে আসবে এমন কিছু প্রতিভাবান মুখ, যারা ভবিষ্যতে আমাদের বিনোদন জগৎকে আরও সমৃদ্ধ করবে।’