শরিকদের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে নজর বিএনপির, ফের সংলাপের উদ্যোগ
আওয়ামী লীগবিরোধী যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে নজর দিতে যাচ্ছে ক্ষমতাসীন বিএনপি। এজন্য আবারও আলোচনার আয়োজন করতে যাচ্ছে তারা। চলতি নভেম্বর বা আগামী ডিসেম্বরে দলগুলোর নেতাদের সঙ্গে সংলাপে বসতে পারেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর প্রস্তুতি হিসেবে আমন্ত্রণপত্র তৈরির কাজও চলছে।
বিএনপি সূত্র এমনটাই জানিয়েছে। তাদের এই উদ্যোগের লক্ষ্য, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় গড়ে ওঠা রাজনৈতিক ঐক্য ফিরিয়ে আনা, পারস্পরিক ভুল বোঝাবুঝি দূর করা ও ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচিতে সমন্বয় বাড়ানো।
তাই স্বাভাবিকভাবেই বিএনপির নতুন সংলাপের আয়োজন ঘিরে যে প্রশ্নটি সামনে এসেছে তা হলো—যারা রাজপথের আন্দোলনে সঙ্গী ছিলেন, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ে মামলা, হামলা ও নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন এবং রাজনীতির কঠিন সময়ে পাশে থেকেছেন বছরের পর বছর, এখন ক্ষমতার পালাবদলের পর সেই সহযাত্রীদের সঙ্গে বিএনপির দূরত্ব কি কমেছে, না কি বেড়েছে?
শরিকদের অভিযোগ, সরকার গঠনের পর তাদের সঙ্গে বিএনপির যোগাযোগ আগের মতো নেই। ক্ষমতা ভাগাভাগির প্রশ্নে নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিরও অনেক কিছু বাস্তবায়িত হয়নি। ফলে নতুন সংলাপের প্রস্তুতি রাজনৈতিক সহযাত্রীদের সঙ্গে বিএনপির দূরত্ব কমানোর জন্য কতটা কার্যকর উদ্যোগ হয়ে উঠবে, তা নিয়ে সংশয় রয়েছে।