আন্তর্জাতিক ফুটবল থেকে মহাতারকা লিওনেল মেসি অবসর নেওয়ার পর প্রথম স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। সেখানে নিয়মিত তারকাদের পাশাপাশি রয়েছে একটি নতুন মুখ। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন চেলসির ২১ বছর বয়সী ডিফেন্ডার অ্যারন আনসেলমিনো।
চলতি বছরের শেষ ফিফা আন্তর্জাতিক বিরতিতে ঘরের মাঠে দুটি ম্যাচ খেলবে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আগামী ১৩ নভেম্বর বুয়েন্স এইরেসে তাদের প্রতিপক্ষ উরুগুয়ে। পাঁচদিন পর কর্দোবায় তারা মোকাবিলা করবে কোস্টারিকাকে। ম্যাচগুলোর জন্য মঙ্গলবার রাতে ২৮ সদস্যের দল দিয়েছেন আলবিসেলেস্তেদের কোচ স্কালোনি।
স্কোয়াডে রাখা হয়নি দুই মিডফিল্ডার রদ্রিগো দি পল ও জিওভানি লো সেলসোকে। আর চোটের কারণে নেই মেসির বিদায়ের পর নতুন অধিনায়কের দায়িত্ব পাওয়া ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো, স্ট্রাইকার লাউতারো মার্তিনেজ ও মিডফিল্ডার নিকোলাস গঞ্জালেজ। দলে ফিরেছেন দুই ডিফেন্ডার গঞ্জালো মন্তিয়েল ও মারিয়ানো ত্রোইলো।
আনসেলমিনোর পাশাপাশি পার্মার ২৩ বছর বয়সী ত্রোইলো আর্জেন্টিনার জার্সিতে অভিষেকের অপেক্ষায় আছেন। তিনি এর আগে ২০২৫ সালের মে মাসে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্য ডাক পেয়েছিলেন। তবে সেবার খেলার কোনো সুযোগ হয়নি তার।