৬০০ কোটি টাকা খরচে ৬ হাজার কোটি টাকার গ্যাস পাওয়ার আশা
দেশে গ্যাসের উৎপাদন বাড়াতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তিতাস গ্যাসক্ষেত্রে দুটি নতুন কূপ খনন করতে চায় সরকার। এ জন্য ৫৯২ কোটি টাকার একটি নতুন প্রকল্প প্রস্তাব করা হয়েছে। প্রকল্পটি অনুমোদনের জন্য আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপন করা হবে।
প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে, তিতাস-৩২ ও তিতাস-৩৩ নম্বর কূপ দুটি খননের মাধ্যমে দৈনিক প্রায় ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)।
আজ বুধবার একনেক সভায় অনুমোদনের জন্য নতুন গ্যাস প্রকল্পসহ মোট ১৪টি প্রকল্প উপস্থাপন করা হবে।
জানা গেছে, ‘তিতাস গ্যাসফিল্ডে ২টি মূল্যায়ন-কাম-উন্নয়ন কূপ খনন’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়নের প্রস্তাব করেছে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৫৯২ কোটি টাকা। এর মধ্যে সরকারি ঋণ থেকে ৪৫৪ কোটি টাকা এবং বিজিএফসিএলের নিজস্ব অর্থায়ন থেকে ১৩৭ কোটি টাকা ব্যয় করা হবে। প্রকল্পের বাস্তবায়নকাল ধরা হয়েছে ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত।
প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)। গ্যাসের চাহিদা মেটাতে প্রকল্পটি থেকে এক বছরের মধ্যে গ্যাস পাওয়ার প্রত্যাশা করছেন প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা।
জানতে চাইলে বিজিএফসিএলের মহাব্যবস্থাপক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. আবুল কাসেম খান বলেন, ‘প্রথম বছরে একটি কূপ থেকে গ্যাস পাওয়া যেতে পারে; আর দেড় বছরের মধ্যে দুটি কূপ থেকেই গ্যাস পাওয়ার আশা করছি। এ ছাড়া আরও কিছু কূপ খননের প্রকল্প নিয়ে কাজ চলছে।’