দুই দেশের রাজনৈতিক সম্পর্কের কারণেই যা একটু অনিশ্চয়তা। সেটি যদি এবার দূর হয়ে যায়, তবে আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে তিন ওয়ানডে ও তিন টি–টুয়েন্টির অপেক্ষমাণ সিরিজটি খেলতে বাংলাদেশে আসতে পারে ভারতীয় ক্রিকেট দল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এরই মধ্যে জানুয়ারি মাসের প্রথম ভাগে সিরিজ খেলার ব্যাপারে নীতিগতভাবে একমত হয়েছে বলে বিসিবির একাধিক সূত্র প্রথম আলোকে জানিয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে বিসিবি সভাপতি তামিম ইকবাল এই প্রতিবেদককে বলেন, ‘আমরা একটা উইন্ডো (সময়) নিয়ে আলোচনা করছি। বিসিসিআইয়ের সঙ্গে আমাদের আলোচনা যেভাবে এগোচ্ছে, তাতে আমি আশাবাদী, ভারতীয় দল সিরিজটি খেলতে বাংলাদেশে আসবে। দুই বোর্ড ইতিবাচক মানসিকতা নিয়ে কাজ করছে।’ সিরিজটি কবে হতে পারে, জানতে চাইলে তামিম এখনই তা বলতে রাজি হননি।
তবে সূত্র জানিয়েছে, গত ২৮ অক্টোবর বিসিবির ওয়ার্কিং কমিটির সভায় বোর্ড সভাপতি তামিম ইকবাল সফরের ব্যাপারে বিসিসিআইয়ের সঙ্গে আলোচনার অগ্রগতি সম্পর্কে কমিটির সদস্যদের অবহিত করেন। সিরিজটি জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু হয়ে দ্বিতীয় সপ্তাহের মধ্যে শেষ হতে পারে, এমন আভাস দেন তিনি।
সিরিজটি নিয়ে দুই বোর্ডের মধ্যে আরও আগে থেকেই ধারাবাহিক আলোচনা চলছে। আইসিসি ও এসিসির সভায় যোগ দিতে গিয়ে বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে অনানুষ্ঠানিকভাবেও কথা বলেছেন বোর্ড সভাপতি তামিম। সর্বশেষ এক জুম মিটিংয়ে জানুয়ারির শুরুতে সিরিজটি খেলার ব্যাপারে নীতিগতভাবে একমত হন দুই বোর্ডের কর্মকর্তারা। জানুয়ারিতে ভারতের ব্যস্ত আন্তর্জাতিক সূচি আছে, সেটি মাথায় রেখেই সিরিজটি মাসের শুরুর দিকে আয়োজনের চিন্তা।