নিজের পরিবারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ব্রিটনির
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৬, ১৪:৩৬
পরিবারের সদস্যদের বিরুদ্ধে হয়রানি ও দাসের মতো ব্যবহার করার অভিযোগ তুলেছেন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে ‘আপটাউন গার্লস’ সিনেমার একটি স্থিরচিত্র প্রকাশ করে দীর্ঘ একটি পোস্ট দেন তিনি। সেখানে পরিবারের কাছ থেকে পাওয়া বিভিন্ন আচরণের কথা তুলে ধরে নিজের জন্য নতুন পরিবার খুঁজে নেওয়ার কথাও জানিয়েছেন এই গায়িকা।
পোস্টে ব্রিটনি লেখেন, ‘আমি নতুন পরিবার খুঁজে নেব! কোভিডের সময় লুইজিয়ানায় দুই সপ্তাহের সফরে গেলেও জেমি লিন আমাকে একবারের জন্যও আইভিকে কোলে নিতে দেয়নি। আর কেভিনের বাড়িতে সন্তানদের আনতে গেলে আমাকে বাথরুমও ব্যবহার করতে দেওয়া হতো না।’
তিনি আরও লেখেন, ‘তারা আমার সঙ্গে দাসের মতো আচরণ করেছে। আমার আড়ালে তারা অনেক কিছু করেছে, যা গোপন রেখেছে। অথচ আমি শুধু বাবার জন্য কাজই করে গেছি। আমি নতুন পরিবার খুঁজে নেব।’