ডাক্তারের কথা শুনে পাগলের মতো কেঁদেছিলাম: তানিয়া বৃষ্টি
গত ডিসেম্বরে শুটিং সেটে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। পরে জানতে পারেন ব্রেন টিউমারে আক্রান্ত তিনি। এরপর টানা চিকিৎসা, একাধিক সার্জারি, এমনকি লাইফ সাপোর্টের মতো কঠিন সময়ও পার করতে হয়েছে তাঁকে। চিকিৎসকদের কড়া নিষেধ সত্ত্বেও অভিনয়ের প্রতি তীব্র ভালোবাসা থেকে দীর্ঘ ৯ মাস পর আবারও ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তানিয়া বৃষ্টি। তাঁর সাক্ষাৎকার নিয়েছেন শিহাব আহমেদ।
ডাক্তার নাকি বলেছিলেন, আপনি আর চার-পাঁচ বছর বাঁচবেন? এটা কি সত্যি?
হ্যাঁ, ভারতে আমার দ্বিতীয় সার্জারির আগের কথা এটা। চেন্নাইয়ের এমজিএম হাসপাতালের অনকোলজিস্ট আমার সব রিপোর্ট দেখার পর এ কথা বলেছিলেন। সেদিন জীবনে প্রথম এত বড় ধাক্কা খাই। ডাক্তারের কথা শুনে পাগলের মতো কেঁদেছিলাম।
এখন ডাক্তার কী বলছেন?
এখনো আমার কেমোথেরাপি চলছে। ডিসেম্বরে শেষ হবে। এরপর আবার সব টেস্ট করাতে হবে। রিপোর্ট দেখে পরবর্তী চিকিৎসাপদ্ধতি ঠিক করবেন ডাক্তারেরা। তবে এখন আগের চেয়ে অনেক ভালো আছি। সার্জারির পর ঘুমাতে কষ্ট হতো, দুর্বল লাগত, মাথা ঘোরা ও বমি হতো। রেডিওথেরাপির সেই কঠিন সময় শেষে ধীরে ধীরে এখন স্বাভাবিকতার দিকে যাচ্ছি। তার পরও আমি তো গ্লিওব্লাস্টোমা পেশেন্ট, এর কোনো স্থায়ী নিরাময় নেই। তাই টিউমার আবার বাড়তেও পারে। সবার কাছে শুধু দোয়া চাই।