সম্পত্তি নিয়ে বিরোধে দৃষ্টিহীন ভাইকে মেরে বাঁশঝাড়ে ফেলে রেখেছিল ছোট ভাই
www.ajkerpatrika.com
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩৬
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই ও তাঁর স্ত্রীর মারধরে দৃষ্টি প্রতিবন্ধী বড় ভাই শাহজাহান পাটোয়ারীর (৬০) মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সন্ধ্যায় ইউনিয়নের নিজগাছতলা গ্রামের ইচুলী সড়কের উত্তর পাশের পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত শাহজাহান পাটোয়ারী ওই বাড়ির মৃত বজলুল গণি পাটোয়ারীর ছেলে। তিনি সরকারি প্রতিবন্ধী ভাতাভোগী ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে ছোট ভাই শাহ আলম পাটোয়ারীর (৫০) সঙ্গে শাহজাহানের বিরোধ চলছিল। এ নিয়ে শাহ আলম ও তাঁর স্ত্রী প্রায়ই দৃষ্টি প্রতিবন্ধী বড় ভাইকে মারধর করতেন। গতকাল সন্ধ্যায়ও তাঁরা দুজন মিলে শাহজাহানকে মারধর করেন। একপর্যায়ে তাঁকে বাড়ির পাশের বাঁশঝাড়ে ফেলে রাখা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- সম্পত্তি
- সম্পত্তির লোভ