মূল্যস্ফীতির চাপে সঞ্চয়ের পুরোনো শিক্ষা
ছোটবেলায় প্রতিদিন সকালে একটি দৃশ্য দেখতাম। বাবার কাছ থেকে মা সেদিনের সংসার খরচের টাকা নিতেন, বাবা গুনে গুনে দিতেন, মা আঁচলের খুঁটে বেঁধে নিতেন। বাজার, মসলা, আমাদের স্কুলের ছোটখাটো খরচ, সবই চলত সেই টাকায়। কিন্তু হিসাব মিলিয়ে যা সামান্য বাঁচত, কখনো দু টাকা, কখনো পাঁচ, কখনো কয়েকটা খুচরা পয়সা, মা সেটুকু চুপচাপ ঘরের তাকে রাখা মাটির ব্যাংকে ফেলে দিতেন। টুং করে একটা মৃদু শব্দ হতো। ওই শব্দটাই ছিল আমাদের সংসারের সবচেয়ে নিঃশব্দ ভরসা।
প্রতি তিন মাস পরপর আসত সেই বিশেষ দিন। মা আমাদের ডেকে বসাতেন, মাটির ব্যাংক মেঝেতে ঠুকে ভেঙে ফেলতেন। ছড়িয়ে পড়ত কয়েন আর ভাঁজ করা নোট, আমরা ভাইবোনেরা হুমড়ি খেয়ে গুনতে বসতাম। সেই টাকায় মা কিনতেন সংসারের দরকারি কোনো ভালো জিনিস, যা হাতখরচে কখনো কেনা যেত না। কারও কাছে হাত পাততে হয়নি, ঋণ করতে হয়নি। সামান্য সামান্য করে জমানো টাকা মায়ের সম্মান নিয়েই ভালো কিছু হয়ে ঘরে ফিরেছে।
- ট্যাগ:
- মতামত
- মূল্যস্ফীতি