শ্রমিক আন্দোলন: অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর, সমন্বয়ে আলিফ-জুয়েল
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে তৈরি পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মিরপুরে নাশকতার পরিকল্পনা ও অর্থায়নের অভিযোগ পেয়েছে পুলিশ।
পুলিশের তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহ, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম বিদেশে বসে এই অর্থের জোগান ও নির্দেশনা দিচ্ছেন; আর ঢাকায় তাদের হয়ে লোক সংগ্রহ ও সমন্বয়ের দায়িত্বে ছিলেন ইলিয়াস মোল্লার ভাগ্নে আলিফ মোল্লাহ এবং জাহাঙ্গীরের সহযোগী মাহবুবুর রহমান জুয়েল।
পুলিশের দাবি, শ্রমিকদের আন্দোলনে অংশ নেওয়া, মিছিল করা, টায়ারে আগুন দেওয়া, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের জন্য আলাদা অঙ্কের টাকা দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। কাজের প্রমাণ হিসেবে ছবি ও ভিডিও পাঠানোর পর মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা দেওয়া হতো। গত রোববার মিরপুর এলাকায় শ্রমিকদের বিক্ষোভ থেকে গ্রেপ্তার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদ এবং তাদের মোবাইল ফোন যাচাই করে এসব তথ্য পাওয়া গেছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- শ্রমিক আন্দোলন