তেল-গ্যাসে নাভিশ্বাস জনজীবন
জ্বালানি তেল ও গ্যাসের দাম বৃদ্ধির সরাসরি প্রভাব পড়ছে পরিবহন ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে। দেশে জ্বালানি তেল ও বাসাবাড়িতে বেশি ব্যবহৃত সিলিন্ডার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং সংকটের কারণে সাধারণ মানুষের জীবনে তীব্র নাভিশ্বাস উঠেছে। এরপরও আবার দাম বাড়ানোর পাঁয়তারা করছেন ব্যবসায়ীরা। তাঁরা ভোজ্যতেলের দাম লিটারপ্রতি এক লাফে আরও ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। একই সঙ্গে রমজানের অন্যতম প্রধান অনুষঙ্গ খেজুরের ওপর বিদ্যমান উচ্চ শুল্ক প্রত্যাহার ও করছাড়ের জোরালো দাবি জানিয়েছেন আমদানিকারকেরা।
গত মাসেই ১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম এক লাফে ২৫১ টাকা বাড়ানো হয়। এর মধ্যেই আবার দাম ৩০০ টাকা বৃদ্ধির প্রস্তাব দিয়েছেন ব্যবসায়ীরা। এ সপ্তাহে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) গণশুনানিতে জানা যাবে, নতুন করে দাম বাড়বে কি না। সামগ্রিকভাবে তেল ও গ্যাসের বাড়তি খরচে সাধারণ মানুষের এমনিতেই নাভিশ্বাস অবস্থা। এর মধ্যে আবার নতুন করে দাম বৃদ্ধির প্রস্তাব যেন ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হয়ে দাঁড়িয়েছে।
জ্বালানি তেল ও গ্যাসের দাম বৃদ্ধির সরাসরি প্রভাব পড়ছে পরিবহন ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে। ফলে সরকারের অন্যান্য সামাজিক নিরাপত্তা ও উন্নয়নমূলক কাজের সুফল সাধারণ মানুষের কাছে অনেকটাই ঢাকা পড়ে যাচ্ছে।
- ট্যাগ:
- মতামত
- জ্বালানি তেল