ফের হ্যাকিংয়ের ভয়, বাইন্যান্স থেকে ৩৬০ কোটি ডলার তুলে নিলেন গ্রাহকেরা
ক্রিপ্টোকারেন্সি ইতিহাসের সবচেয়ে বড় সাইবার হামলার শিকার হওয়ার পর ফের লেনদেন চালু করেছে ‘বাইন্যান্স’। তবে গতকাল রোববার সেবা চালুর পরপরই বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জটি থেকে ৩৬০ কোটি ডলার তুলে নিয়েছেন গ্রাহকেরা।
সাইবার হামলার পরিপ্রেক্ষিতে বাইন্যান্স সব ধরনের লেনদেন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল। ওই হামলায় ৬৩০ কোটি ডলার খোয়ায় প্রতিষ্ঠানটি। এ দিকে এই সাইবার হামলার জন্য উত্তর কোরিয়াকে দায়ী করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইসহ বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠান।
বাইন্যান্স জানিয়েছে, হামলায় চুরি হওয়া সম্পদের প্রায় ৯৫ শতাংশের ঘাটতি পূরণ করা হয়েছে। তবে বাকি সম্পদের সমপরিমাণ অর্থ সংগ্রহ করতে আরও সময় লাগতে পারে। প্রতিষ্ঠানটি বারবার বলেছে, এ হামলার কারণে হওয়া সব আর্থিক ক্ষতি তারা নিজেরাই বহন করবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বাইন্যান্স জানিয়েছে, ১ নভেম্বর গ্রিনিচ মান সময় সকাল ৬টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত তারা ৪৬৪ কোটি ৯০ লাখ ডলারের অর্থ উত্তোলনের আবেদন প্রক্রিয়া করেছে। একই সময়ে জমা পড়েছে ১০১ কোটি ডলার। ফলে নিট হিসাবে প্রতিষ্ঠানটি থেকে প্রায় ৩৬৪ কোটি ডলার বেরিয়ে গেছে।
বাইন্যান্স আরও জানিয়েছে, শুরুতে অর্থ উত্তোলনের পরিমাণ হঠাৎ বেড়ে গেলেও পরে তা কমে এসেছে এবং প্রত্যাশা অনুযায়ী স্থিতিশীল হচ্ছে। রোববারের নিট অর্থ উত্তোলনের পরিমাণ প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনাধীন ১৭ হাজার ১০০ কোটি ডলারের সম্পদের ২ শতাংশের সামান্য বেশি।