ব্যক্তিগত জীবন আর নতুন গান নিয়ে ইউটিউবে আসছেন নুসরাত ফারিয়া

www.ajkerpatrika.com প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৬, ২১:০৬

কয়েক দিন আগে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অনুসারীদের কাছে নুসরাত ফারিয়া জানতে চেয়েছিলেন, তাঁরা ফারিয়ার প্রতিদিনের জীবনযাত্রা নিয়ে ব্লগ দেখতে চান কি না? প্রায় সবাই প্রিয় অভিনেত্রীর ব্লগ দেখার আগ্রহ প্রকাশ করেন। ভক্তদের সেই আগ্রহে ব্লগ তৈরি করতে সম্প্রতি ইউটিউব চ্যানেল খুলেছেন ফারিয়া। এমনটা নিজেই জানালেন ফারিয়া। সেই চ্যানেলে নিত্যদিনের ব্লগের পাশাপাশি নিজের নতুন গানও প্রকাশ পাবে বলে জানিয়েছেন তিনি।


ইউটিউব চ্যানেল শুরু করা নিয়ে নুসরাত ফারিয়া বলেন, ‘ইউটিউব চ্যানেল খোলার অন্যতম কারণ হলো নিজের জীবন নিয়ে ব্লগ তৈরি করা। কয়েক দিন আগে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি প্রশ্ন ছুড়ে দিয়েছিলাম—আপনারা কি চান আমার প্রতিদিনের জীবন নিয়ে ব্লগ তৈরি করি। সেখানে ৯৯ ভাগ মানুষ আমাকে সমর্থন দিয়েছেন। মূলত এই কারণে ইউটিউব চ্যানেল চালু করা। মিডিয়ার চাকচিক্যের বাইরে আমার জীবনটা যে সাধারণ—সেটাই ব্লগে মানুষকে দেখাতে চাই। এ ছাড়া আমি যেহেতু নিয়মিত গান করছি, ভবিষ্যতে নিজের চ্যানেলেই গান প্রকাশের ইচ্ছা আছে। এখানে গানও প্রকাশ পাবে, ব্লগও প্রকাশ পাবে।’


ভবিষ্যতে প্রযোজনায় আসার ইচ্ছা রয়েছে কি না—জানতে চাইলে ফারিয়া বলেন, ‘প্রযোজনা নিয়ে এই মুহূর্তে কোনো ভাবনা নেই। আমার মনে হয়, আমি এখন যে কাজে আছি, সেখানেই ঠিক আছি।’


নুসরাত ফারিয়া এখন ব্যস্ত ‘লজ্জা’ সিনেমার শুটিং নিয়ে। ইতিমধ্যে শেষ করেছেন সিনেমার প্রথম লটের শুটিং। ফারিয়া জানান, ২৫ নভেম্বর থেকে আবার লজ্জার শুটিংয়ে অংশ নেবেন তিনি। এতে ঠিক কী ধরনের চরিত্রে তাঁকে দেখা যাবে, তা পুরোপুরি খোলাসা করেননি তিনি। আভাস দিয়েছেন, একজন পুলিশ কর্মকর্তা বা কমান্ডো ঘরানার চ্যালেঞ্জিং কোনো চরিত্রে দর্শকের সামনে হাজির হবেন। ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় লজ্জা সিনেমাটি পরিচালনা করছেন এম এইচ খোকন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও