ব্যান্ডসংগীতের প্রতি এ দেশের তরুণদের আগ্রহ ও উদ্দীপনা অনেক। কনসার্টগুলোতে দর্শকের ব্যাপক উপস্থিতি তারই প্রমাণ। বাংলাদেশে সমসাময়িক সংগীত, বিশেষ করে ব্যান্ডসংগীতের যে বিস্তার ঘটেছে, তা এখন আর অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু এই বিপুল আগ্রহ ও চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে কনসার্ট আয়োজনের উপযুক্ত অবকাঠামো আমরা গড়ে তুলতে পারিনি। সাম্প্রতিক সময়ে কনসার্টের নিরাপত্তা নিয়ে যে অনিশ্চয়তা ও বিশৃঙ্খলা দেখা যাচ্ছে, তার পেছনে উপযুক্ত ভেন্যুর অভাবও একটি বড় কারণ।
আমার মনে হয়, এখনই ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণে দুটি স্থায়ী কনসার্ট ভেন্যু প্রতিষ্ঠা করা জরুরি। সেখানে নিয়মিত, এমনকি প্রতিদিনও কনসার্ট আয়োজনের সুযোগ থাকতে পারে। ভেন্যুগুলো হতে হবে সবার ব্যবহারের উপযোগী উন্মুক্ত জায়গা, যেখানে দর্শকের প্রবেশ ও বের হওয়ার জন্য পর্যাপ্ত ফটক থাকবে, ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকবে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। অনেকটা স্টেডিয়ামের আদলে এসব ভেন্যু গড়ে তোলা যেতে পারে।
এখন কনসার্ট আয়োজনের জন্য কখনো মাঠ, কখনো রাস্তার পাশের জায়গা, কখনো অন্য কোনো অস্থায়ী স্থানের অনুমতির ওপর নির্ভর করতে হয়। কোথায় আয়োজন করা যাবে, কোথায় অনুমতি পাওয়া যাবে—এসব অনিশ্চয়তার মধ্য দিয়ে যেতে হয় আয়োজকদের। অথচ বড় কনসার্টের জন্য সব জায়গা উপযুক্ত নয়। ক্রিকেট বা ফুটবল আয়োজনের জন্য যেমন নির্দিষ্ট স্টেডিয়াম রয়েছে, কনসার্টের জন্যও তেমন উপযোগী ভেন্যু দরকার। কারণ, হাজার হাজার দর্শকের প্রবেশ, অবস্থান ও বের হওয়ার বিষয়টি পরিকল্পিতভাবে নিয়ন্ত্রণ করতে হয়। রাস্তার পাশে বা সাধারণ কোনো মাঠে বড় আয়োজন করলে অনেক সময় সেই নিয়ন্ত্রণ নিশ্চিত করার সুযোগ থাকে না।
এ ক্ষেত্রে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা) ভূমিকা রাখতে পারে। সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের একটি উপযুক্ত জায়গা দিলে আমরা নিজেরাই সেটির ব্যবস্থাপনা ও পরিচালনার দায়িত্ব নিতে পারি। এমন একটি ব্যবস্থা করা সম্ভব, যাতে দেশের সব ব্যান্ড ও একক সংগীতশিল্পী ভেন্যুটি ব্যবহার করতে পারেন। এটি কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান বা গোষ্ঠীর জন্য নয়, সংগীতাঙ্গনের সবার জন্য উন্মুক্ত থাকা উচিত।
ভেন্যুর পাশাপাশি বড় কনসার্টে জননিরাপত্তা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি। এ দায়িত্বে পুলিশ প্রশাসনকে আয়োজকদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির সঙ্গে কনসার্টের নিরাপত্তার বিষয়টিও সম্পর্কিত—এ কথা আমরা বুঝি। তবে ক্রিকেট, ফুটবল, হকিসহ অন্যান্য বড় আয়োজনের ক্ষেত্রে যদি নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হয়, তাহলে কনসার্টের ক্ষেত্রেও তা করা সম্ভব হওয়া উচিত।