সিলেটে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারে, আভাস পাচ্ছেন স্যামি
মিরপুরে প্রথম টেস্টে আট উইকেটের বড় ব্যবধানে জিতে সিরিজের ১-০ তে এগিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। তবে সিলেটে দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশ দলে প্রবল ঘুরে দাঁড়ানোর মানসিকতা দেখতে পাচ্ছেন সফরকারী কোচ ড্যারেন স্যামি। আগামী ৫ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এই ম্যাচে স্বাগতিকদের সামনে থাকবে ছন্দে ফেরার বড় চ্যালেঞ্জ।
দ্বিতীয় টেস্টকে সামনে রেখে দেওয়া প্রতিক্রিয়ায় স্যামি জানান, ফিল সিমন্সের অধীনে খেলা বাংলাদেশ নিজেদের ঘরের মাঠে সেরাটা দিয়েই জবাব দিতে চাইবে, ‘ফিল সিমন্সকে আমি যতটুকু চিনি, সে বিষয়টি সহজ হতে দেবে না। সে জয় চায় এবং টেস্ট চ্যাম্পিয়নশিপেও তাদের নিজেদের লক্ষ্য রয়েছে।’
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে হার বাংলাদেশ দলের জন্য বড় ধাক্কা। আর এতে জেতার তীব্র তাড়না তৈরি হতে পারে শান্তদের, স্যামির মতে, ‘আমাদের ছেলেদের মধ্যে যে ক্ষুধা, আত্মবিশ্বাস এবং পরিশ্রম করার প্রবণতা দেখেছি, তাতে বলতে পারি— সিলেটে পরিস্থিতি যেমনই হোক, আমরা সফরটি জয় দিয়ে শেষ করার জন্য প্রস্তুত। ঘরের মাঠে বাংলাদেশ কখনোই সহজ প্রতিপক্ষ নয়।’