ভালোবাসার মানুষ পেতে জাদুবিদ্যার আশ্রয় নিচ্ছেন জেন-জিরা!
প্রেমের মানুষ খুঁজতে এখন আর শুধু ডেটিং অ্যাপের ওপর নির্ভর করছেন না তরুণেরা। কেউ নিজের কাঙ্ক্ষিত জীবনসঙ্গীর কথা ডায়েরিতে লিখে রাখছেন, কেউ ট্যারো কার্ডের মাধ্যমে প্রেমের ভবিষ্যৎ জানার চেষ্টা করছেন। আবার কেউ অনলাইনে খুঁজছেন লাভ স্পেল বা ভালোবাসার জাদুমন্ত্র। প্রযুক্তির এই সময়ে দাঁড়িয়ে প্রেমের মতো ব্যক্তিগত বিষয়ে জাদুবিদ্যা ও আধ্যাত্মিক চর্চার প্রতি জেন-জির এমন আগ্রহ কেন বাড়ছে? এর পেছনে কি শুধুই কৌতূহল, নাকি সম্পর্কের অনিশ্চয়তা থেকে মুক্তি পাওয়ার আকাঙ্ক্ষাও কাজ করছে?
প্রেমের জন্য বিশেষ চর্চায় জেন-জির আগ্রহ
যুক্তরাষ্ট্রভিত্তিক ডেটিং নিউজের এক জরিপে অংশ নেন ১ হাজার ১৩ জন প্রাপ্তবয়স্ক। জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের জেন-জিদের ৬৪ শতাংশ জীবনে অন্তত একবার ভালোবাসার মানুষ খুঁজে পেতে কিংবা প্রেমের সম্পর্ক ভালো করতে আধ্যাত্মিক, সাইকিক বা জাদুবিদ্যাসংশ্লিষ্ট কোনো পদ্ধতি চেষ্টা করেছেন।
তালিকায় সবচেয়ে এগিয়ে ম্যানিফেস্টেশন বা স্ক্রিপ্টিং। জরিপে অংশ নেওয়া ২৯ শতাংশ তরুণ এই পদ্ধতি অনুসরণের কথা জানিয়েছেন। ২৫ শতাংশ পরামর্শ নিয়েছেন সাইকিকের, ১৭ শতাংশ গিয়েছেন ট্যারো কার্ড রিডারের কাছে এবং ১৬ শতাংশ নির্ভর করেছেন অ্যাস্ট্রোলজি বা রাশিচক্রের সামঞ্জস্যের ওপর। এমনকি ১৯ শতাংশ অনলাইন প্ল্যাটফর্ম থেকে লাভ স্পেল বা ভালোবাসার বিশেষ রিচুয়ালের জন্য অর্থ ব্যয় করেছেন।
তবে এই জরিপ শুধু যুক্তরাষ্ট্রের জেন-জিদের ওপর করা হয়েছে। বিশ্বের সব দেশের তরুণদের মধ্যে একই প্রবণতা রয়েছে, এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। তারপরও ডিজিটাল দুনিয়ায় প্রেমের সঙ্গে আধ্যাত্মিক চর্চার এই সংযোগ নতুন করে আলোচনায় এসেছে।
- ট্যাগ:
- লাইফ
- জাদুবিদ্যা
- ভালোলাগার মানুষ
- জেন-জি