যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচ শহরে একটি যাত্রীবাহী ব্যক্তিগত জেট উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় উড়োজাহাজটির চালকসহ ৯ আরোহীর সবাই নিহত হয়েছেন।
পাম বিচের যে এলাকায় উড়োজাহাজটি আছড়ে পড়েছে, সেখান থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত প্রাসাদ মার-এ-লাগো দূরত্ব মাত্র ১৪ দশমিক ৪৮ কিলোমিটার (৯ মাইল)।
শনিবার বিকেলের দিকে ঘটেছে এ দুর্ঘটনা। যুক্তরাষ্ট্রের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ফেডারেল এভিয়েশন অথরিটির (এফএএ) তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি টেক্সাসের অস্টিন শহরের বার্গস্ট্রম বিমানবন্দর থেকে বাহামাসের উদ্দেশ্যে যাত্রা করেছিল।
এক বিবৃতিতে এফএ ‘র পক্ষ থেকে বলা হয়েছে, ৯ জন আরোহীসহ ব্যক্তিগত জেট উড়োজাহাজটি দক্ষিণ ফ্লোরিডার পাম বিচ শহরের ক্রেসহ্যাভেনের কাছে আবাসিক এলাকায় আছড়ে পড়ে। মার-এ-লাগো থেকে মাত্র ৯ মাইল দূরে এই দুর্ঘটনার পরপরই উড়োজাহাজটিতে আগুন ধরে যায় এবং বড় অগ্নিকাণ্ড ঘটে।