নিজের প্রথম ওভারেই দলকে সাফল্য এনে দিলেন সাকিব আল হাসান। মিতব্যয়ী বোলিংয়ে পরে নিলেন আরও দুই উইকেট। বল হাতে তার চমৎকার দিনে একটি করে শিকার ধরলেন শেখ মেহেদি হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন।
নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) রোববার জানাকপুর বোল্টসের বিপক্ষে পোখারা অ্যাভেঞ্জার্সের হয়ে চার ওভারে স্রেফ ১৫ রান দিয়ে ৩ উইকেট নেন সাকিব। নিজের প্রথম তিন ওভারে কেবল ৪ রান দিয়ে উইকেট তিনটি নেন তিনি।
চার ওভারে এক মেডেনসহ ২৪ রান খরচ করেন মেহেদি। আর সাইফউদ্দিন এক ওভার করে দেন ১৭ রান।
সাকিব-মেহেদিদের বিপক্ষে খেলতে নেমে ব্যাট হাতে একদমই ভালো করতে পারেননি সাইফ হাসান। ৯ বল খেলে এক রান করেন তিনি।
আগের ম্যাচে এক উইকেট নেওয়া মেহেদি বল হাতে পান পাওয়ার প্লের শেষ ওভারে। অসাধারণ বোলিংয়ে ওভারটিতে একটি রানও দেননি এই অফ স্পিনিং অলরাউন্ডার।
পরের ওভারে আক্রমণে আনা হয় সাকিবকে। তৃতীয় বলে মইন আলিকে বোল্ড করে দলকে উল্লাসে মাতান তিনি। ওভারে দেন কেবল দুই রান।