লেভান্তের বিপক্ষে ২-০ গোলের জয় তুলে নিয়ে লা লিগার ইতিহাসে নতুন মাইলফলক স্পর্শ করেছেন আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে। ক্লাবটির হয়ে লিগে ৩৪৪তম জয়ের মাধ্যমে কিংবদন্তি কোচ লুইস আরাগোনেসের সর্বোচ্চ জয়ের রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি। তবে এই অর্জনকে ব্যক্তিগত সাফল্য হিসেবে দেখতে নারাজ আর্জেন্টাইন এই কোচ। তার মতে, দীর্ঘ ১৫ বছরের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে।
আতলেতিকোর দায়িত্বে থেকে সিমিওনে ৫৬৫ ম্যাচে ৩৪৪ জয়, ১২৩ ড্র ও ৯৮টি পরাজয়ের রেকর্ড গড়েছেন। অন্যদিকে, আরাগোনেস বিভিন্ন ক্লাবের হয়ে ৭৫৬ ম্যাচে সমানসংখ্যক জয় পেয়েছিলেন। আতলেতিকোতে সাতটি ভিন্ন মেয়াদে দায়িত্ব পালন করেও এই কৃতিত্ব অর্জন করেছিলেন তিনি।
শনিবারের ম্যাচে আলেক্সান্দ্রো গ্রিমালদো ও জুলিয়ানো সিমিওনের গোলে লেভান্তেকে হারায় আতলেতিকো। এই জয়ের ফলে সাময়িকভাবে লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থানেও উঠে আসে দলটি।