গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে ঢুকবে না: নাহিদ ইসলাম
গঙ্গা নদীর পানি বাংলাদেশে না এলে ভারতীয় পণ্যও বাংলাদেশে আসবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।
তিনি বলেছেন, বাংলাদেশে যদি পানি না আসে তাহলে কোনো করিডোর হবে না। কোনো ট্রানজিট হবে না। ভারতীয় কোনো চ্যানেলও বাংলাদেশে চলবে না।
তিনি বলেন, মাওলানা ভাসানীর ইতিহাসকে স্মরণ করতে চাই। তিনি ঐতিহাসিক ফারাক্কা অভিমুখে লংমার্চ করেছিলেন। ইনশাআল্লাহ, যদি এরকম কিছু হয় আমরা আবারও লংমার্চের জন্য প্রস্তুত আছি।
রোববার (১ নভেম্বর) জাতীয় যুব দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় যুব সম্মেলন-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, সরকার এখন বিভিন্ন দুয়ারে দুয়ারে ঘুরছে ঋণের জন্য। কিন্তু এই সরকারকে কেউ বিশ্বাস করছে না, ঋণও দিচ্ছে না। জাপান আমাদের বন্ধুরাষ্ট্র, জাপান বাংলাদেশে অতীতেও ইনভেস্ট করেছে। কিন্তু এই মাতারবাড়ি নিয়ে সরকার জাপানের সঙ্গে কী কী চুক্তি করছে তা জনগণের সামনে স্পষ্ট করতে হবে। কোনো ধরনের ধোঁয়াশা না রেখে সংসদে আলোচনা ব্যতীত আমরা বাংলাদেশে কোনো জাতীয় চুক্তি পাস করতে দেবো না।
‘এই চুক্তিতে ভারতকে কোনো ধরনের অবৈধ করিডোর বা ট্রানজিট সুবিধা দেওয়ার চেষ্টা করা হলে বাংলাদেশের জনগণ রুখে দেবে।’