দেশের কলকারখানাগুলো যেন সঠিকভাবে চলে এবং মানুষের জানমাল যেন নিরাপদ থাকে—সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দেশের পোশাকশিল্পে চলমান অস্থিরতা নিয়ে আজ রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত বৈঠকে তিনি এ নির্দেশনা দিয়েছেন।
বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী এ তথ্য জানান।
তিনি বলেন, 'শ্রমিকদের মজুরি সমন্বয় করতে বোর্ড গঠন করা হয়েছে। আমাদের এখন লক্ষ্য জনগণের নিরাপত্তা এবং স্থিতিশীল অবস্থা ফিরিয়ে আনা।'
'সরকারকে অস্থিতিশীল করার জন্য, এটা ক্লিয়ার যে একটি রাজনৈতিক দলের লোকজন ডিসেম্বরকে সামনে রেখে বিভিন্ন সংগঠনের সঙ্গে...সেই ফ্যাসিবাদী গোষ্ঠী বিভিন্ন ষড়যন্ত্র-চক্রান্ত করছে। আমরা সেটা রাজনৈতিকভাবে মোকাবিলা করব,' বলেন শ্রমমন্ত্রী।
তিনি আরও বলেন, 'প্রধানমন্ত্রী বলেছেন যে কলকারখানা, শিল্পকারখানা যেন সঠিকভাবে চলে, জনগণের জানমাল যেন নিরাপদে থাকে,আমরা সবাই যেন সজাগ থাকি।'
সন্ধ্যা ৬টায় সচিবালয়ে এ বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে কয়েকজন মন্ত্রীসহ সংশ্লিষ্টরা অংশ নেন।