৪৮ বছর ধরে পানি পান করেন না ওয়ারেন বাফেট, তৃষ্ণা মেটান কী দিয়ে
বিশ্বখ্যাত বিনিয়োগকারী ওয়ারেন বাফেট জানিয়েছেন, প্রায় ৪৮ বছর ধরে তিনি পানি পান করেন না। পানির বিপরীতে তাঁর পছন্দের পানীয় চেরি কোক। সাধারণ পানি কিংবা স্পার্কলিং ওয়াটারের পরিবর্তে কোমল পানীয় দিয়েই শরীরের পানির চাহিদা পূরণ করেন বলে জানিয়েছেন তিনি।
মার্কিন সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে বলা হয়েছে, বিলিয়নেয়ার হেজ ফান্ড ব্যবস্থাপক বিল অ্যাকম্যান সম্প্রতি ‘ইকুইটি মেটস ইনভেস্টিং’ নামের একটি পডকাস্টে বাফেটের পানীয়ের অভ্যাস নিয়ে এ তথ্য প্রকাশ করেন। সেখানে তিনি বাফেটের সঙ্গে একবার নৈশভোজের অভিজ্ঞতা তুলে ধরেন।
অ্যাকম্যান জানান, একবার নৈশভোজের টেবিলে বসে তিনি বাফেটকে সাধারণ পানি নাকি স্পার্কলিং ওয়াটার পান করবেন, তা জানতে চেয়েছিলেন। কিন্তু বাফেট দুটিই প্রত্যাখ্যান করে কোমল পানীয় পছন্দের কথা জানান। পরে অ্যাকম্যান তাঁকে প্রশ্ন করেন, ‘আপনি কি পানি পান করেন না?’ জবাবে বাফেট বলেন, ‘বিল, ৪৮ বছর ধরে আমি পানি পান করিনি।’
অ্যাকম্যান আরও জানান, কয়েক বছর আগে বাফেট তাঁর বাড়িতে নৈশভোজে যাওয়ার সময় তাঁর পছন্দের কথা মাথায় রেখে আগেভাগেই প্রচুর পরিমাণে চেরি কোক মজুত করেছিলেন।
- ট্যাগ:
- জটিল
- বিকল্প উপায়
- পানি পান
- ওয়ারেন বাফেট