শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের
হালের ঢালিউড ইন্ডাস্ট্রিতে নির্মাতাদের ভরসার প্রতীক অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম’ দিয়ে ক্যারিয়ার শুরু করে আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক সিনেমায় অভিনয় করে ক্রমশ নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। সেই সঙ্গে সিনেমাপ্রেমী দর্শকহৃদয়ে করে নিয়েছেন জায়গা।
বর্তমানে এই অভিনেতার হাতে রয়েছে একগুচ্ছ সিনেমা। কোনো ছবির শুটিং শেষ, কোনোটি নিয়ে চলছে প্রস্তুতি, আবার নতুন কোনো প্রকল্পে চুক্তিবদ্ধ হচ্ছেন তিনি।
সম্প্রতি একটি সিনেমায় চুক্তিস্বাক্ষর সম্পন্ন করেছেন শরিফুল রাজ। আবার আগামী কুরবানির ঈদে তার আরেকটি সিনেমা মুক্তির লক্ষ্যে কাজ করছেন তিনি। আয়মান হাসিব স্বাধীন ও সুস্ময় সরকারের যৌথ নির্মাণে সিনেমাটির নাম ‘কালাভুনা প্যারাডক্স’। এটি মোহাইমিনুল ইসলাম বাপ্পীর লেখা একই নামের উপন্যাস থেকে নির্মিত হচ্ছে। এ সিনেমায় রাজের সঙ্গে থাকছেন সাবিলা নূর। সব মিলিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা।
এর মধ্যেই শরিফুল রাজের বিরুদ্ধে চুক্তি ভঙ্গ ও আর্থিক ক্ষতির অভিযোগ এনে আইনি নোটিশ পাঠিয়েছেন এক প্রযোজক। ‘ঠিকানা’ সিনেমার প্রযোজক ও রিয়েল এনার্জি প্রোডাকশনের স্বত্বাধিকারী শাহরিন আক্তার এ অভিনেতার বিরুদ্ধে চুক্তি ভঙ্গ, এক্সক্লুসিভিটি চুক্তি লঙ্ঘন এবং আর্থিক ক্ষতির অভিযোগ তুলেছেন। প্রযোজকের পক্ষ থেকে আইনজীবীর মাধ্যমে অভিনেতাকে উকিল নোটিশ পাঠানো হয়েছে। সেখানে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রাজকে জবাব দিতে বলা হয়েছে।