দুই দিনের মধ্যে হরমুজ খুলতে রাজি ইরান, দিল ৭ শর্ত
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার অংশ হিসেবে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ও পৃথকভাবে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজায়ী এসব তথ্য জানিয়েছেন।
আরাঘচি বলেন, ইরান শুরুতে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে সাত দিনের একটি পরিকল্পনা উপস্থাপন করেছিল। ওই পরিকল্পনায় প্রণালি খুলে দেওয়ার ক্ষেত্রে তেহরানের শর্তগুলো নির্ধারণ করা হয়। পরে কাতারের পক্ষ থেকে সময়সীমা সাত দিন থেকে কমিয়ে পাঁচ দিন বা তারও কম করার অনুরোধ জানানো হয়। গতকাল কাতারের প্রতিনিধিদলের ইরান সফরের সময় বিষয়টি নিয়ে আলোচনা হয়। এর পরিপ্রেক্ষিতে পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা কমিয়ে দুই দিন নির্ধারণের বিষয়ে সমঝোতা হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, প্রথম দিনে যুক্তরাষ্ট্রকে একগুচ্ছ পদক্ষেপ বাস্তবায়ন করতে হবে। দ্বিতীয় দিনে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে এবং সেখানে নৌ-চলাচল আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে। আরাঘচি জানান, হরমুজ প্রণালিতে ইরান ও ওমানের আলোচনার মাধ্যমে নির্ধারিত নতুন নৌ-চলাচল পথটির আনুষ্ঠানিক স্বীকৃতি চায় তেহরান। একই সঙ্গে অন্য সব নৌপথ বন্ধ করার দাবি জানিয়েছে দেশটি। ইরানের শর্ত অনুযায়ী প্রণালিটি পুনরায় খুলে দেওয়া হলে ওয়াশিংটনের সঙ্গে অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা শুরুর পথ তৈরি হবে বলেও জানান তিনি।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- হরমুজ প্রণালী
- শর্ত পূরণ