এইচএসসির ফল: ইংরেজি-আইসিটিতেই বিপর্যয়
উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় গত ২২ বছরের মধ্যে এবার সবচেয়ে কম পাসের হার। শিক্ষা বোর্ডগুলোর গড় পাসের হার ও সর্বোচ্চ ফলের সূচক জিপিএ-৫ দুটিই কমেছে। এবার পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের প্রায় অর্ধেক অকৃতকার্য হয়েছেন। কমেছে শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা। অন্যদিকে বেড়েছে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি—এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা।
গতকাল শনিবার প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, ইংরেজি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) এবং হিসাববিজ্ঞান বিষয়ে বেশি শিক্ষার্থীর অকৃতকার্য হওয়া সামগ্রিক ফলাফলে বড় প্রভাব ফেলেছে। এর পাশাপাশি মানবিক বিভাগের শিক্ষার্থীদের খারাপ ফল, পরীক্ষার হলে কড়াকড়ি, উত্তরপত্র মূল্যায়নে কঠোরতা, প্রাকৃতিক দুর্যোগ, পরীক্ষা নেওয়াকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলন এবং গত দুই বছরের রাজনৈতিক অস্থিরতাও সামগ্রিক ফলাফলে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
তবে এমন ফলাফল অপ্রত্যাশিত নয় বলে মনে করেন শিক্ষাবিদ ও শিক্ষা বোর্ডের শীর্ষ কর্মকর্তারা। তাঁদের মতে, নানা সংকটের কারণে শিক্ষার্থীরা পর্যাপ্ত শিখনদক্ষতা অর্জন করতে পারছেন না। ফলে প্রত্যাশিত ফলাফল অর্জনও সম্ভব হচ্ছে না।
জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ মজিবুর রহমান বলেন, ‘আমার দৃষ্টিতে এবারের ফলাফলেও প্রকৃত মূল্যায়ন হয়নি। কারণ, প্রকৃত মূল্যায়নের জন্য প্রয়োজন প্রকৃত শিক্ষা, যা আমাদের নেই। ইংরেজি ও আইসিটিতে খারাপ করার অন্যতম কারণ দক্ষ শিক্ষকের অভাব। এদিকে নজর দিতে হবে।’