ফুকেট থেকে ফি ফি আইল্যান্ড : নীল জলের পথে এক দ্বীপের গল্প
ফুকেটের ওল্ড টাউনের রঙিন ভবন আর পুরোনো স্থাপত্য দেখে দুপুরের পরেই রওনা হলাম ফেরিঘাটের উদ্দেশে। এবার গন্তব্য ফি ফি আইল্যান্ড। থাইল্যান্ড ভ্রমণের পরিকল্পনা করার সময় এই দ্বীপের নাম বারবার সামনে এসেছিল। নীল সমুদ্র, পাহাড়ঘেরা উপসাগর আর সাদা বালুর সৈকতের ছবি দেখেছিলাম আগে। এবার সেসব নিজের চোখে দেখার পালা।
ওল্ড টাউন থেকে ফেরিঘাটে যেতে বাসে উঠলাম। ভাড়া ছিল ১২০ টাকা। শহরের ব্যস্ততা পেছনে ফেলে বাস এগিয়ে চলল। এরপর ফেরিতে চড়ে শুরু হলো সমুদ্রযাত্রা। ফুকেটের সঙ্গে ফি ফির যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম এই ফেরি। তবে সমুদ্রপথে কতক্ষণ লাগবে, তা ফেরির ধরন ও আবহাওয়ার ওপর নির্ভর করতে পারে।
ফেরির জানালা দিয়ে সমুদ্র দেখা
ফেরিতে ওঠার পর চারপাশের দৃশ্য ধীরে ধীরে বদলে যেতে থাকল। শহরের ভবন আর সড়কের বদলে চোখের সামনে আন্দামানের বিস্তৃত নীল জলরাশি। দূরে কোথাও সবুজ পাহাড়, কোথাও সমুদ্রের বুক থেকে উঠে আসা পাথুরে দ্বীপ। যাত্রাপথে এসব দৃশ্য দেখতে দেখতে কখন যে সময় কেটে গেল বুঝতেই পারিনি।