তিনমাসের বকেয়াসহ রোববার নতুন পে-স্কেলে বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা
নতুন বেতনকাঠামো অনুযায়ী আগামীকাল রোববার (১ নভেম্বর) তিন মাসের বকেয়াসহ বর্ধিত বেতন পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। এ লক্ষ্যে বেতন পরিশোধের প্রস্তুতি নিয়েছে সরকার। তবে নতুন কাঠামোয় বেতন নির্ধারণের কাজ শেষ করতে না পারায় অনেক কর্মকর্তা-কর্মচারী নির্ধারিত সময়ে বর্ধিত বেতন পাচ্ছেন না।
তাদের আপাতত পুরোনো কাঠামো অনুযায়ী বেতন দেওয়া হবে। বর্ধিত বেতন ও বকেয়া পরবর্তী সময়ে সমন্বয় করে দেওয়া হবে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী, ৮ লাখ পেনশনভোগী এবং ৬ লাখ এমপিওভুক্ত শিক্ষকের মধ্যে অনেকেই এখনো নতুন কাঠামোয় বেতন নির্ধারণের কাজ শেষ করতে পারেননি। নতুন বেতন নির্ধারণে গ্রেডের ক্রম, উচ্চতর গ্রেড, বাড়িভাড়া ভাতা এবং পদোন্নতির পর আর্থিক সুবিধা নিয়ে বিভিন্ন অসংগতি দেখা দিয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে সরকারের সমন্বিত আর্থিক ব্যবস্থাপনা পদ্ধতি আইবাস++ এর জটিলতা।
এসব সমস্যা সমাধানে অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদারের কাছে আবেদন করেছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। তবে এখনো পর্যন্ত এসব আবেদনের সুরাহা হয়নি। একাধিক মন্ত্রণালয় ও বিভাগের সমস্যার সমাধান ১ নভেম্বরের আগে সম্ভব হচ্ছে না বলে জানা গেছে।
অর্থ বিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, নতুন বেতনকাঠামোর প্রজ্ঞাপন তৈরি ও বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের জানাশোনার ঘাটতির কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। সমস্যাগুলোর সমাধানে কাজ চলছে এবং এ বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নেওয়া হচ্ছে।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- বকেয়া
- পে-স্কেল