১৬ বছরেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি, মৃত আহ্বায়কের কমিটিতেই চলছে নেছারাবাদ যুবদল
একজন আহ্বায়ক মারা গেছেন তিন বছর আগে। যুগ্ম আহ্বায়কদের কেউ যোগ দিয়েছেন বিএনপিতে, কেউ জাতীয় পার্টিতে। আবার কেউ রাজনৈতিক পটপরিবর্তনে হারিয়েছেন যুবদলের সঙ্গে সম্পৃক্ততা। অথচ সেই পুরোনো আহ্বায়ক কমিটি দিয়েই চলছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পিরোজপুরের নেছারাবাদ উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রম।
২০১০ সালে ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠনের পর পেরিয়ে গেছে প্রায় ১৬ বছর। এত দীর্ঘ সময়েও গঠন করা হয়নি পূর্ণাঙ্গ কমিটি। ফলে নেতৃত্ব সংকট, সমন্বয়হীনতা ও সাংগঠনিক স্থবিরতায় ঝিমিয়ে পড়েছে একসময়ের সক্রিয় এই সংগঠন।
দীর্ঘদিন নতুন কমিটি না হওয়ায় তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে বাড়ছে হতাশা। তৈরি হচ্ছে না নতুন নেতৃত্ব, মূল্যায়ন পাচ্ছেন না পদপ্রত্যাশী তরুণেরা। তাঁদের অভিযোগ, সাংগঠনিক কাঠামো কার্যত কাগজে-কলমে সীমাবদ্ধ হয়ে পড়েছে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে যুবদলকে শক্তিশালী করতে দ্রুত নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন তৃণমূলের নেতা-কর্মীরা।
দলীয় সূত্রে জানা যায়, ২০১০ সালে মো. আকরামুল ইসলাম বাবুলকে আহ্বায়ক করে ৪১ সদস্যের নেছারাবাদ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে মো. ওয়াহিদুজ্জামান মানিক, মিজানুর রহমান চান, আতিকুল ইসলাম, আমিনুল ইসলাম, নাসির উদ্দীন তালুকদার, জাহিদ হোসেন মাস্টার, মাসুদ রানা পলাশ, শহিদুল ইসলাম, লোকমান হাকিম, আজহারুল ইসলাম টুটুল, হায়দার আলী ও মো. জাহিদুল ইসলামসহ ১৩ জনকে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু কমিটি ঘোষণার পর প্রায় ১৬ বছরেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি।